রাজ্য মন্ত্রিসভায় করোনার হানা, কোভিড পজিটিভ সুজিত বসু, আতঙ্কে শাসকদল তৃণমূল কংগ্রেস
করোনা ভাইরাস ঢুকে পড়ল এবার রাজ্য মন্ত্রিসভার অন্দরে। রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনার অন্যতম বড় নেতা সুজিত বসুর শরীরে করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। পরীক্ষার পর এদিন তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর।

সূত্রের খবর, তাঁর বাড়ির এক পরিচারিকার করোনা ভাইরাস ধরা পড়ে। কোনও উপসর্গ না থাকা সত্ত্বেও সুজিত বসু নিজের পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ এসেছে।
তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। আপাতত বাড়িতেই রয়েছেন বলে খবর। ঘূর্ণিঝড়ের সময় থেকেই সুজিত বসু রাজ্য সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে একসঙ্গে থেকে দিনরাত কাজ করেছেন। সেই সূত্রে তিনি নানা জায়গা ঘুরে বেড়িয়েছেন। এই অবস্থায় তিনি কার কার সঙ্গে দেখা করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের পরীক্ষা করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘূর্ণিঝড়ের পর গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে তিনি বিপর্যস্ত, বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকী রাজ্য সচিবালয়ে গিয়ে তিনি বৈঠক করেছেন। এই অবস্থায় উপসর্গহীন সুজিত বসুর করোনা পজিটিভ হওয়ায় সর্বোচ্চ মহলে যে আতঙ্ক তৈরি হবে তা নিশ্চিতভাবে বলা যায়।












Click it and Unblock the Notifications