অবশেষে রাজি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি, স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে কাটল জট
অবশেষে রাজি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি, স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে কাটল জট
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের অবসান হল অবশেষে। বিভিন্ন চিকিৎসায় রেট বাড়ানোর দাবি মেনে নিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পে একাধিক প্যাকেজের রেজ ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছিল বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম গুলি। অবশেষে মমতা সরকার দীর্ঘ আলোচনার পর সেই দাবি মেনে নিয়েছে।

একুশের ভোটে স্বাস্থ্যসাথী প্রকল্পকে ট্রাম্প কার্ড হিসেবে দেখছে মমতা সরকার। তাই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী বিমা প্রকল্পকে গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পের সামনে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাকে সামনে রেখেই উন্নয়নেক বার্তা নিয়ে প্রচারের ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস।
কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে গত কয়েক মাস ধরে একাধিক জায়গায় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডের সুবিধা ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম গুলির বিরুদ্ধে। তারপরেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা গিয়েছিলেন বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল গুলিকে।স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ফেরালে লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি। এমনকী প্রয়োজনে রোগীর পরিবারকে থানাতেও অভিযোগ জানাতে বলেছিলেন তিনি। কিন্তু তারপরেও একাধিক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে।
বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলি দাবি করেছিল স্বাস্থ্যসাথী প্রকল্পে একাধিক খাতে বরাদ্দ বাড়াতে হবে। প্রায় ১০ থেকে ১৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির কথা বলেছিল হাসপাতালগুলি। দীর্ঘ আলোচনার পরে অবশেষে তাতে রাজি হয়েছে মমতা সরকার। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে কোনও বেসরকারি হাসপাতাল আর তা ফেরাতে পারবে না বলে জানিয়েছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications