দীপার অভিযোগের পরই কড়া কমিশন, মদনকে পর্যবেক্ষণে বসছে ক্যামেরা
কলকাতা, ২৯ এপ্রিল : নিজের কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পরও নিশ্চিন্তে দু'দণ্ড হাসপাতালে বিশ্রামে থাকার উপায় নেই সারদা চিটফান্ড মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা মদন মিত্রর। কামারহাটির ভোট মিটে যাওয়ার পরে মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে প্রিয় এসএসকেএমে ভর্তি হয়েছেন তিনি। সেখানেও তাঁকে তাড়া করছে বিরোধীরা।
জোটপ্রার্থী তথা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চলা দীপা দাশমুন্সি বৃহস্পতিবার কমিশনে অভিযোগ জানান যে, মদন মিত্র ভবানীপুরের বাসিন্দা ও ভোটার। তিনি অত্যন্ত প্রভাবশালী ও এই ভোটে প্রভাব খাটাতে পারেন। আর সেজন্যই তাঁর উপরে নজরদারি রাখা হোক।

দীপাদেবীর এই অভিযোগের পরই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এসএসকেএমের কার্ডিওলজিতে ভর্তি মদনবাবুর কেবিনের বাইরে পুলিশি প্রহরা কড়া করা হয়েছে। কেবিনের ভিতরেও ক্য়ামেরার বন্দোবস্ত করা হচ্ছে বলে খবর।
একইসঙ্গে বাড়ির লোক ছাড়া আর কাউকেই মদনবাবুর কেবিনে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া মদনবাবুর ফোনের উপরেও কড়াকড়ি করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র এই ভবানীপুরই। এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও জোটপ্রার্থী দীপা দাশমুন্সি রয়েছেন। এছাড়া বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু।












Click it and Unblock the Notifications