বিজেপির চমক, শহরের পাঁচতারা হোটেলে খোলা হচ্ছে রাজনীতির ‘ওয়ার রুম'
বাংলার রাজনীতির ইতিহাসে তো বটেই এমনকি জাতীয় রাজনীতিতেও সম্ভবত এই প্রথমবার। শহরের কোনও পাঁচতারা হোটেলে খোলা হচ্ছে রাজনীতির 'ওয়ার রুম'। বিজেপির দৌলতে এবার ভোটে এমন চমক দেখতে পাবে বঙ্গবাসী।
জানা গিয়েছে, শহরের এক পাঁচতারা হোটেল থেকে এবার বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন দিলীপ ঘোষ, মুকুল রায় সহ বিজেপির নের্তৃত্বরা।

ইতিমধ্যেই মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর তো রয়েছেই। পাশাপাশি, হেস্টিংসেও খোলা হয়েছে নির্বাচনী কার্যালয়। নেতৃত্বের বসার জায়গা ছাড়াও সেখানে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া টিমের বসার জায়গাও রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ২৫০ জনের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে সাংবাদিক বৈঠক করার জন্য রয়েছে পৃথক জায়গা।
তবে ভোট ঘোষণা হয়ে গেলে হেস্টিংসের এই কার্যালয়কে একেবারের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে বিজেপি। ভিতরে কী হচ্ছে, তা যেন কাকপক্ষ্মীও টের না পায়। সাংবাদিকদের তো কোনওভাবেই সেখানে ঢুকতে দিতে চায় না বিজেপি নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, সে কারণেই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এখানেই নিয়মিত সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা। নির্বাচন সংক্রান্ত সমস্ত সাংবাদিক বৈঠকও হবে এখান থেকেই।
এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আসা নেতা-মন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার ব্যবস্থাও হবে এখানেই। ভোটের গুরুত্বপূর্ণ সমস্ত বৈঠকও এখানেই করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে শহরের আরও দু'টো গেস্ট হাউজ ভাড়া নেওয়া হয়েছে। এসব দেখে রাজনৈতিক মহলের মত, বাংলা দখলে রীতিমত রাজসূয় যজ্ঞের আয়োজন করছে ভারতীয় জনতা পার্টি।












Click it and Unblock the Notifications