ব্যবসায়ীকে মারধরে অভিযুক্ত পরেশ পাল, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এক কাঁকুড়গাছির ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক পরেশ পালের সঙ্গীসাথীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, বিষয়টি নিয়ে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি।
গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক পরেশ পালের সঙ্গীসাথীদের বিরুদ্ধে। কাঁকুড়গাছিতে এই মারধরের ঘটনায় পরেশ পালেরও মদত রয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। আরও অভিযোগ, বিষয়টি নিয়ে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি।

কাঁকুড়গাছির ব্যবসায়ী মিলন দের অভিযোগ, কোন অনুমতি ছাড়াই তাঁদের বাড়ির গ্যারাজের সামনে গাড়ি রাখেন পরেশ পাল। একই ঘটনা ঘটেছে রবিবার। দুপুরে গাড়ি বের করার সময়ও পরেশ পালের গাড়িটি সেখানে দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ। সেই সময় বাড়ির রক্ষী পরেশ পালের গাড়ির চালককে গাড়িটি সরিয়ে নিয়ে অনুরোধ করেন। অভিযোগ, অনুরোধ না শুনে, গাড়ি থেকে দুই যুবক নেমে গোলমাল শুরু করে দেয়। ইতিমধ্যেই চলে আসেন বিধায়ক পরেশ পাল। তাঁর মদতেই গাড়িতে থাকা যুবকরা ওই ব্যবসায়ী ও রক্ষীকে মারধর করে। যদিও ঘটনাটি অস্বীকার করেছেন পরেশ পাল। তাঁর দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে তাঁর পাল্টা দাবি, অভিযোগকারী ব্যবসায়ীর বাবা সিপিএম করতেন। তাঁরাই তাঁর (পরেশ পাল) গাড়ি চালককে মারধর করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন পরেশ পাল।
এদিকে রবিবার সন্ধেয় ঘটনাটি নিয়ে ফুলবাগান থানায় অভিযোগ করা হলেও, কোনও মামলা পুলিশ করেনি। দেওয়া হয়নি জেনারেল ডায়েরি নম্বরও। পরীক্ষা করা হয়নি সিসিটিভি ফুটেজও। যদিও বিষয়টি নিয়ে মন্তব্যে নারাজ পুলিশ কর্তারা। পুলিশি নিষ্ক্রিয়তায় হতাশ ব্যবসায়ী ও তাঁর পরিবার।












Click it and Unblock the Notifications