কুণাল ঘোষের জামিনের আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে
কলকাতা, ২২ জানুয়ারি: কলকাতা হাই কোর্টে খারিজ হয়ে গেল কুণাল ঘোষের জামিনের আর্জি। বৃহস্পতিবার আদালত তাঁর আবেদন না-মঞ্জুর করে। সিবিআই আইনজীবীর বিরোধিতার কারণেই বিচারপতিরা আবেদনে সাড়া দেননি।
সারদা-কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষকে ২০১৩ সালের নভেম্বর মাসে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। তার পর ২০১৪ সালের মে মাসে সিবিআই তদন্তভার বুঝে নেয়। কিন্তু রাজ্য পুলিশ বা সিবিআই, কেউই তাঁর জামিনের পক্ষে নয়। এর আগে নিম্ন আদালতেও তারা কুণালবাবুর জামিনের বিরোধিতা করেছে।

কুণালবাবুর আইনজীবীর যুক্তি ছিল, সিবিআই ইদানীং আর জিজ্ঞাসাবাদ করছে না তাঁর মক্কেলকে। সুতরাং তাঁকে মুক্তি দেওয়া হলে তিনি বাইরে থেকে অনায়াসে সহায়তা করবেন গোয়েন্দাদের। এই যুক্তি খারিজ করে সিবিআইয়ের আইনজীবী বলেন, এখন হেফাজতে না নেওয়া হলেও ভবিষ্যতে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কুণাল ঘোষ প্রভাবশালী লোক হওয়ায় বাইরে বেরিয়ে তিনি প্রমাণ লোপাট করতে পারেন।
সিবিআইয়ের যুক্তি মেনে নেন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি আশিস চক্রবর্তী। তাঁরা সটান খারিজ করে দেন জামিনের আর্জি।












Click it and Unblock the Notifications