পশ্চিমবঙ্গে জাগরণ, ঐতিহাসিক জায়গায় বাংলা! আলাপন-ব্রাত্যকে নাম করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান সফল। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই ঘটনায় পশ্চিমবঙ্গে যে জাগরণ তৈরি হয়েছে, তা এদিনের ঘটনাতেই প্রমাণিত।
যেভাবে ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ পথে নেমেছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও কটাক্ষ করেছেন।

বিরোধী দলনেতা বুধবারের ডাকা বনধ সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বলেছে, ছাত্র কিংবা সিভিল সোসাইটি যদি কোনও কর্মসূচি গ্রহণ করে, সেখানে যেন বলপ্রয়োগ করা না হয়। মঙ্গলবারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন, নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করতে হাইকোর্টে আবেদন করেছিল সরকার। কিন্তু তাতে সাড়া দেয়নি আদালত। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করা সুপ্রতিম সরকার এখন তাঁর পছন্দের অফিসার। এই অফিসারই সন্দেশখালির শেখ শাহজাহানকে বাঁচানোর ঠিকা নিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সারা রাজ্য থেকে সিভিক ভলান্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে আনা হয়েছিল। তেরো থেকে চোদ্দো হাজার পুলিশকে নামানো হয়েছিল এদিন কর্মসূচিকে ব্যর্থ করতে।
এদিন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সকে অবৈধ বলেও মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রীকে অপমান করায় একমাত্র প্রভিডেন্ট ফান্ড ছাড়া অবসরের কোনও সুবিধা পাচ্ছেন না। তিনি এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও নিশানা করেন।
তিনি বলেন, এদিন ১৩২ জন আহত হয়েছেন। সোমবার রাত থেকে ধরপাকড় শুরু হয়। যে চারজনকে গ্রেফতার করেছে তাদের আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এখনও ১৭/১৮ জন রয়েছে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে অবস্থান চলছে। আগামী দিনে এই আন্দোলন ব্যাপ্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই সরকারের গণতন্ত্রের কোনও স্থান নেই। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা বলে না। এদিনের আন্দোলনে যে নিচুতলার পুলিস কর্মীরা আহত হয়েছেন, তাঁদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে। এদিনেরটা ট্রেলার, সিনেমা বাকি আছে।
তিনি বলেন, সিপিএমের লাগাতার কুৎসার পরও মহিলারা বুঝিয়ে দিয়েছেন সিপিআইএম তৃণমুলের অক্সিজেন। শুভেন্দু অধিকারী বলেন, পিসি ও ভাইপো ন্যায় সংহিতা আইনটা ভালো করে পড়ুন।












Click it and Unblock the Notifications