নয়-চোদ্দো অগাস্টের ঘটনায় চিকিৎসক-আধিকারিকদের নাম করে নিশানা, মমতার নির্দেশ কাদের ফোনে, কী বলছেন শুভেন্দু
আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে করা সাংবাদিক সম্মেলনে তিনি আশাপ্রকাশ করেছেন, সুপ্রিম কোর্ট নয় অগাস্টের চিকিৎসকের নির্মম হত্যার ঘটনা এবং ১৪ অগাস্ট রাতে হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেবে।
বিরোধী দলনেতা এদিনও অভিযোগ করেছেন ওই ঘটনার পিছনে কলকাতা পুলিশ ও সরকারের চক্রান্ত রয়েছে। শুভেন্দু অধিকারী এদিন মুখ্যমন্ত্রী পরামর্শদাতা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন।

- শুভেন্দুর নিশানায় আলাপন
বিরোধী দলনেতা এদিন বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মহিলাদের রাতে ডিউটি না দিতে বলেছে, তাও তদন্তের আওতায় আসা উচিত। তিনি নবান্ন থেকে দেওয়া সরকারি গাইডলাইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নারী স্বাধীনতা ও সুরক্ষা থেকে সরকার হাত তুলে নিচ্ছে। শুভেন্দু অধিকারী এদিন সুপ্রিম কোর্ট চিকিৎসকদের নিরাপত্তায় যে ন্যাশনাল টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন।
- নয় ও ১৪ অগাস্টের ঘটনার সঠিক তদন্ত দাবি
বিরোধী দলনেতা এদিন নয় ও চোদ্দো অগাস্টের ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কাছে সেই আশা রয়েছে বাংলার মানুষের।
- মুখ্যমন্ত্রীকে নিশানা
আরজি করে আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। শুভেন্দু অধিকারীর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাসপাতালগুলিতে নিম্নমানের জিনিসপত্র সরবরাহ করা হয়েছে। গাইডলাইন না মেনে টেন্ডার করা, পছন্দের কোম্পানিকে অর্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন। এই বিষয়টা সারা রাজ্যেই চলছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার।
তিনি অভিযোগ করেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তে সিট গঠন করা হয়েছে তথ্য লোপাট করতে। এব্যাপারে তিনি তথ্যপ্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন।
- সন্দীপ ঘোষের পলিগ্রাফ দরকার
শুভেন্দু অধিকারী এদিন বলেন, সঞ্জয় রাইয়ের নয়, সন্দীপ ঘোষের পলিগ্রাফ করলেও সব বেরিয়ে আসবে। তাঁর মোবাইল ঘাটলেই সব বেরিয়ে আসবে। নয় অগাস্টে ভোরের ঘটনার পরে সন্দীপ ঘোষ এসপি দাস ও নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। আর মুখ্যমন্ত্রী এঁদের মাধ্যমেই নির্দেশ দিয়েছেন। কেন নয় অগাস্টের সকালে চিকিৎসক সুকান্ত রায় ও চিকিৎসক অভীক দে কেন আরজি করে এসেছিলেন, সেই প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা। তাঁর প্রশ্ন নয় অগাস্ট সকালে কেন হাসপাতালে এসেছিলেন ডায়রেক্টর অফ মেডিক্যাল এডুকেশন?
- তৃণমূল নেতাদের নাম করে অভিযোগ
বিরোধী দলনেতা বলেন, নির্যাতিতার বাবা-মায়ের পাশে তৃণমূল নেতা মিঠু মজুমদার ও নির্মল ঘোষ ছিলেন। তাঁদেরকে আগে গ্রেফতার করা উচিত। তিনি আরও দাবি করেন, নির্যাতিতার বাবাকে দিয়ে প্রথমে বলানো হয়েছিল মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রয়েছে। তিনি অভিযোগ করেন, এই মামলায় ছত্রে ছত্রে তৃণমূল যুক্ত। আর নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো হয়েছে।












Click it and Unblock the Notifications