প্রথম দফার ভোট শেষে যা প্রতিক্রিয়া দিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা
কলকাতা, ৪ মার্চ : রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হল এদিন। জঙ্গলমহলের ১৮টি বিধানসভা আসনে ভোট হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়ার ৩টি আসন, পুরুলিয়ার ৯টি আসন ও পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন।
ভোট পড়ল ৭৯.৪%, নির্বাচন শান্তিপূর্ণ জানাল কমিশন
মাওবাদী প্রভাবিত এই এলাকাগুলিতে ভোট করানোর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। তিনটি জেলা মিলিয়ে মোট ৩৩৯ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়। এদিন মোট ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ভোটের মাধ্যমে। কিন্তু এদিন ঠিক কেমন হল প্রথম দফার প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। ঠিক কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা? আসুন জেনে নেওয়া যাক একঝলকে।

মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)
জঙ্গলমহলের মানুষ দু'হাত তুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এটা দেখে বিরোধীরা গড়াগড়ি খেয়েছে।
সূর্যকান্ত মিশ্র (সিপিএম)
প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছে জঙ্গলমহল। তৃণমূলকে একেবারে ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী উইকেট সামলাতে ব্যস্ত, যেখানে তৃণমূলের উইকেট আছে, সেখানেই বোল্ড হবে।
অধীর চৌধুরী (কংগ্রেস)
আজ থেকে তৃণমূল কংগ্রেসের মৃত্যুঘণ্টা বাজা শুরু হল।
আবদুল মান্নান (কংগ্রেস)
এই ভোট দেখে বোঝা যাচ্ছে তৃণমূল বিজেপি আঁতাত। না হলে কেন্দ্রীয় বাহিনী এত নিষ্ক্রিয় থাকতে পারে না।
তৃণমূল এবং বিজেপির মধ্যে তলে তলে আঁতাত হয়েছে, তারই জেরে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি সত্ত্বেও রীতিমতো ঠুটো জগন্নাথ কেন্দ্রীয় বাহিনী। যেসব জায়গায় গণ্ডগোল হয়েছে সেখানে ভোট বাতিল করা উচিত কমিশনের। এমনকী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদেরও সাসপেন্ড করা উচিত।
মহম্মদ সেলিম (সিপিএম)
রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার প্রয়াস শুরু হয়েছে। আজকের নির্বাচন তারই প্রতিফলন।
রাহুল সিনহা (বিজেপি)
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা যথাযথ নয়। আরও সতর্ক থাকা উচিত ছিল কমিশনের। এই বিষয়ে অভিযোগ জানাবে রাজ্য বিজেপি।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (সিপিএম)
কমিশনের অনেক ফাঁকফোকর ছিল। সেটা নির্বাচন কমিশনে জানিয়েছি। তৃণমূলের উর্দি পরা পেয়াদারা রিগিংয়ে সাহায্য করছেন।
সুব্রত মুখোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)
সুন্দর ভালোভাবে নির্বিঘ্নে নির্বাচন হয়েছে। জঙ্গলমহলে নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)
যেটুকু টিভিতে দেখলাম, জঙ্গলমহলে দারুণ ভোট হয়েছে। আমি ৮ বার ভোট জিতেছি। মানুষের মন বুঝি। অন্তত ২২০টি আসন আমরা পাব।












Click it and Unblock the Notifications