ছটপুজোর জন্য এলাকাতেই কৃত্রিম জলাশয়, দূষণ রুখতে উদ্যোগী কলকাতা কর্পোরেশন
ছটপুজোর জন্য চূড়ান্ত প্রস্তুতি ও সতর্কতা রাজ্য ও কলকাতা জুড়ে। দক্ষিণ কলকাতার লেকে ছটপুজো বন্ধ আদালতের নির্দেশ মেনে। তারপরও যাতে কেউ ঢুকতে না পারে, সেজন্য গোটা রবীন্দ্র সরোবর বন্ধ রয়েছে। এদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে।
কলকাতা শহরের বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করে দেওয়া হয়েছে। ঘাটও বানিয়ে দেওয়া হয়েছে সেখানে। সাধারণ মানুষরা সেখানেই ছটপুজো করতে পারবেন। শহরের জলাশয়গুলির থেকে দূষণ ছড়াতো ছটপুজোর পর। পরিবেশ দূষিত হত। এই অভিযোগ বার বার করা হয়েছে। আদালতের দ্বারস্থও হয়েছে পরিবেশপ্রেমীরা।

আদালত জানিয়েছিল, কৃত্রিম জলাশয় তৈরির ব্যবস্থা করুক কলকাতা কর্পোরেশন ও সরকার। এবার তারই প্রস্তুতি দেখা গেল কলকাতার বিভিন্ন জায়গায়। কলকাতা পুরসভার পক্ষ থেকে দেবাশিস কুমার জানিয়েছেন, কলকাতায় এবার ১৫ থেকে ২০ টা কৃত্রিম জলাধার ও ঘাট তৈরি করা হয়েছে।
এছাড়াও গঙ্গার ঘাটে ছটপুজোর আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট জায়গা বাছাই করে দেওয়া আছে। কলকাতার বেশ কিছু জলাশয়কেও ছটপুজোর জন্য বাছাই করে দেওয়া হয়েছে। গঙ্গার ঘাট, জলাশয়, কৃত্রিম জলাশয় মিলিয়ে এবার ১৫০ জায়গায় ছটপুজোর আয়োজন করা হচ্ছে। এমনই জানিয়েছেন, দেবাশিস কুমার।
ছটপুজো শেষ হয়ে গেলে এই কৃত্রিম জলাধারগুলো ভেঙে ফেলা হবে। আগের পরিস্থিতিতে সেই জায়গাকে ফিরিয়ে দেওয়া হবে। এমনই জানানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।
বিগত তিন বছর থেকে রবীন্দ্র সরোবর লেক ছট পুজোর জন্য বন্ধ করে দেওয়া হয়। কারণ লেকের জল দূষিত হচ্ছে ছটপুজোর কারণে। পরিবেশের ভয়ানক ক্ষতি হয় বলে অভিযোগ। কলকাতা কর্পোরেশন এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করা নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি জানিয়েছিলেন, আর বিভিন্ন ঘাটে যেতে হবে না। এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করলে নিজেরই এলাকায় ছটপুজো করতে পারবে। সেই ভাবনায় এবার কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে। এছাড়াও গঙ্গার ঘাটগুলিকেও নির্দিষ্ট করা হয়েছে। বাজে কদমতলা ঘাটে ছটপুজোর জন্য রেলিং বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications