Arjun Singh: অর্জুন সিংকে সিআইডি তদন্তের মুখোমুখি হতেই হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Arjun Singh: সিআইডি তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। আর্জি জানিয়েছিলেন, সিআইডি নোটিশ খারিজের। কিন্তু তা হলো না।
কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, অর্জুনকে সিআইডি তদন্তের সম্মুখীন হতে হবে। তবে এখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।

অর্জুন দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন। সেই সময়কালে স্বজনপোষণ করতে গিয়ে চার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুনের বিরুদ্ধে। এ ছাড়া ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কেও দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছিল।
সেই মামলাতেই অর্জুনকে তলব করেছে সিআইডি। প্রথমবার অর্জুনকে যখন তলব করেছিল সিআইডি, তখন নির্বাচনের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। ফের নোটিশ যায়। অর্জুন দাবি করেন, নৈহাটি বিধানসভা উপনির্বাচনের আগে তাঁকে হেনস্থার জন্যই এই তলব।
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিআইডি নোটিশ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অর্জুনকে ডেকে পাঠানো হয়েছিল ১২ নভেম্বর, যা নৈহাটি বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন নির্দেশ দিয়েছেন, ১২ তারিখের বদলে অর্জুনকে ১৪ নভেম্বর সিআইডির কাছে হাজিরা দিতে হবে। চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা যাবে। ফের যদি প্রয়োজন হয়, তাহলে নভেম্বরের শেষ সপ্তাহে অর্জুনকে তলব করতে পারবে সিআইডি। ১৪ তারিখ সকাল সাড়ে ১১টায় ভবানী ভবনে গিয়ে সিআইডির তদন্তকারীদের মুখোমুখি হতে হবে অর্জুনকে।












Click it and Unblock the Notifications