বোমাবাজিতে জখম অর্জুন সিং, হাইকোর্টের দ্বারস্থ হয়ে এনআইএকে যুক্ত করার আর্জি
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। অর্জুন সিং সেই ঘটনায় আহত হয়েছেন। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
অর্জুন সিংকে লক্ষ্য করে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করা হয়। এদিন রাজ্যের তরফে কোনও আইনজীবী হাজির ছিলেন না। মামলায় যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য।

আবেদনকারী কেন্দ্রীয় সরকার ও এনআইএকে মামলার যুক্ত করার আর্জি জানান। বিচারপতি তা মঞ্জুর করেন। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে এই মামলা শোনা হবে বলে খবর। ওই দিন দুপুর দুটোয় মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে।
পুজোর মুখেই আবার উত্তপ্ত জগদ্দল এলাকা। খোদ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনেই চলেছে বোমাবাজি। গুলি চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে এই ঘটনা ঘটায়। বোমা - গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়েছিলেন অর্জুন সিং। সেই সময় বোমার স্প্লিন্টার অর্জুন সিংয়ের পায়ে লেগেছিল৷
তেমন কোনও বড় বিপদ হয়নি। প্রাথমিক চিকিৎসা বাড়িতেই হয় অর্জুন সিংয়ের। এই ঘটনার পর বিজেপি নেতৃত্ব যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূলের দিকে সরাসরি আঙুল তুলেছেন অর্জুন সিং। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অর্জুন সিংয়ের বাড়ির সামনে এমন ঘটল। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন উঠেছে।
এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং। সোমবার শুনানিতে কী হয়? তারই অপেক্ষা।












Click it and Unblock the Notifications