সিন্ডিকেট চলে রাজ্য বিজেপির নেতৃত্বের মধ্যে? শাহী সভায় ডাক না পেয়ে বিস্ফোরক অনুপম
ফের অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা। রাজ্য বিজেপির নেতৃত্বকে নিয়ে ফের বিরূপ মন্তব্য। তিনি নিজেও 'বঞ্চিত' বলে দাবি করলেন এই বিজেপি নেতা। ২৯ তারিখে ধর্মতলায় অমিত শাহের সভায় থাকার জন্য অনুপমের আমন্ত্রণ আসেনি। এমন অভিযোগও তিনি করলেন। মেগা সভার আগে দলের অন্দরেই অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা।
বেশ কয়েক মাস ধরেই অনুপম হাজরা বিরূপ মন্তব্য পেশ করছেন। রাজ্য বিজেপি নেতৃত্বের উপর প্রবল ক্ষোভ অনুপমের। নিজের প্রোফাইল থেকে ফেসবুক লাইভ করে রাজ্য নেতৃত্বকে আক্রমণও করেছেন তিনি। তখন থেকেই গুঞ্জন চলছিল গেরুয়া শিবিরের অন্দরে৷ এবার আরও বিস্ফোরক এই বিজেপি নেতা।

আগামী ২৯ নভেম্বর অমিত শাহ সভা করতে কলকাতায় আসবেন। কিন্তু সেই সভায় না কী ডাক পাননি অনুপম হাজরা! নিজেই সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেছেন। এবার বলে নয়, গত তিন বছর ধরেই এই রীতি চলে আসছে। রাজ্য বিজেপির বড় অনুষ্ঠানগুলিতে তাঁকে ডাকা হয় না।
অথবা এমন সময় ডাকা হয়, যখন তিনি সেখানে উপস্থিত হতে পারেন না। একদম শেষ মুহূর্তে অনুপমকে না কী আমন্ত্রণ জানানো হয়। এবার এইসব নিয়েই বিস্ফোরক মন্তব্য অনুপমের। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে আছেন তিনি। কিন্তু রাজ্য বিজেপির ২৬ জনের কোর কমিটিতে তাঁর কোনও ঠাঁই হয়নি।
রাজ্য বিজেপির নেতাদের সিন্ডিকেট চলে৷ এমন মারাত্মক অভিযোগ করেছেন তিনি। অনুপমের কথায়, " এদের অনেক রকম খেলা চলে৷ আমি থাকলে সেই খেলা বেরিয়ে যাবে।" অনুপম এর আগেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এবারও যে সেই একই দিকে অভিযোগের আঙুল। সেটি বলার অপেক্ষা রাখে না।
নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার কোনও কর্মসূচিতেই অনুপম হাজরা ডাক পান না। এমনই কথা তিনি বললেন। কতটা গভীরে লুকিয়ে আছে এই ক্ষোভ? বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব আছে। রাজনৈতিক মহলে এই খবর চাপ নেই৷ কিন্তু ধর্মতলার সভার আগে কি আরও অস্বস্তি বাড়ালেন অনুপম?












Click it and Unblock the Notifications