১০ দিনের মাথায় শহরে ফের ভেঙে পড়ল 'বিপজ্জনক বাড়ি', মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রী
টালা পোস্ট অফিস সংলগ্ন একটি পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ল, মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর
দশদিনের মাথায় শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে টালা পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। মৃত ছাত্রীর নাম পুজা কুমারী গুপ্তা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে একতলা বাড়িটির ছাদের একাংশ আচমকাই ধসে পড়ে। বাড়ি ভেঙে পড়ার শব্দ পেয়ে প্রায় সবাই রাস্তায় বেরিয়ে এলেও ১৭ বছরের ওই ছাত্রী আটকে পড়েন ধ্বংসস্তুপে। তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই উদ্ধার কাজে নামে দমকল ও কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর ও টালা থানার পুলিশও।

২০০১ সালেই টালা পোস্ট অফিস সংলগ্ন এই বাড়িটিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক ঘোষণা করে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বাড়ির মালিক ও ভাড়াটেরা এই বাড়ি খালি করেননি বলেই অভিযোগ। এবিষয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। উল্লেখ্য গত ৫ই সেপ্টেম্বরই বড়বাজার এলাকার শিবতলা স্ট্রিটে একটি বহু পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে একই পরিবারের ৩জনের মৃত্যু হয়। সেই বাড়িটিকেও পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications