কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! আসবাবের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা! আজ সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবপত্রের দোকানে আগুন লেগে যায়। সেই আগুন মুহূর্তের মধ্যেই পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভানোর জন্য দমকলের মোট ১০টি ইঞ্জিন নামানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, সকাল প্রায় ১১টা নাগাদ দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা দোকান থেকে বেরিয়ে আসেন। তারপর তাঁরা দোকানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। দোকানে থাকা কাঠ এবং অন্যান্য সামগ্রীর কারণে আগুন তাড়াতাড়ি ভয়াবহ আকার নেয়।
দোকানটি একটি বহুতলের নীচে অবস্থিত। তার পাশেই আরও দুটি দোকান থাকার কারণে আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে ঘন লোকবসতি থাকার কারণে বহু আবাসনের বাসিন্দারা নিরাপত্তার কারণে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। স্থানীয়দের দাবি যে, আগুন বহুতলের একটি অংশেও ছড়িয়ে পড়েছে।
এলাকায় অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পরেও আগুনের মূল উৎসে পৌঁছনো যায়নি। বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ পুরো এলাকা ইতিমধ্যেই ঘিরে ফেলেছে। সংশ্লিষ্ট রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই কারণে এলাকায় যানজটও তৈরি হয়েছে।
দোকানের কর্মীরা জানিয়েছেন যে, কাঠের কাজ চলাকালীন হঠাৎ করে ধোঁয়া দেখতে পান তাঁরা। তার পরে দেখেন দোকানের উপরের একটি টিনের অংশে আগুন জ্বলছে। কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। তার মধ্যেই দোকানের আসবাব বাইরে বের করে আনা হয়।
যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দোকানগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের একাংশ অভিযোগ তুলেছেন যে, দমকল আরও তাড়াতাড়ি কাজ করলে আগুন এতটা ছড়াত না। যদিও দমকলের বক্তব্য যে, ঢোকানে প্রচুর সামগ্রী থাকার কারণে ভিতরে ঢুকে কাজ করা কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনের মধ্যে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৭ জানুয়ারি আনন্দপুরের নোনাডাঙায় বস্তিতে আগুনে একাধিক ঘর বাড়ি পুড়ে যায়। তার পরদিন নিউটাউনের একটি বহুতল এবং ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটেও আগুন লাগার ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications