সনাতনী ভাবাবেগে আঘাত! অনির্বাণ ও হুলিগানইজমের বিরুদ্ধে মামলা বিজেপি নেতা তরুণজ্যোতির
অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্য এবং তাঁর রক ব্যান্ড 'হুলিগানিজম’-এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, ব্যান্ডটি তাদের একটি অনুষ্ঠানে 'সনাতন ধর্ম’ নিয়ে ঠাট্টা করেছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে এই খবর সামনে এসেছে।
গত ৩১ অগাস্ট কলকাতায় অনুষ্ঠিত ব্যান্ডের নয় মিনিটের বিদ্রূপাত্মক গান "তুমি মস্তি করবে, জানি" সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। গানটিতে প্রধান রাজনৈতিক দলগুলির পাশাপাশি SIR এবং দেশের সাম্প্রদায়িক উত্তেজনার মতো সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলির সমালোচনা করা হয়েছে।

তরুণজ্যোতি তিওয়ারি কলকাতা পুলিশের সাইবার সেকশনে দায়ের করা অভিযোগে বলেছেন, "অনির্বাণের গানের কথাগুলি কোনও সাধারণ মন্তব্য ছিল না। বরং এটি ইচ্ছাকৃতভাবে আমার ধর্মীয় বিশ্বাস এবং কোটি কোটি সনাতনীর ভাবাবেগকে অপমান করার জন্য তৈরি করা হয়েছে। আমাদের অনুভূতিতে আঘাত করে সস্তা প্রচারের জন্য এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।" তিনি প্রশাসনের কাছে প্রযোজ্য আইনের অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
অনির্বাণ ভট্টাচার্য 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' এবং 'দশম অবতার'-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। গানটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তৃণমূলের কুণাল ঘোষ এবং সিপিআই(এম)-এর শতরূপ ঘোষ-সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কটাক্ষ করা হয়েছে।
বিজেপি নেতার ক্ষোভ সত্ত্বেও, গানে উল্লেখিত অন্য দলগুলির নেতারা তেমন বিচলিত হননি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ হালকাভাবে মন্তব্য করেন, "আমি কেন রাগ করব? বরং আমি মজা পেয়েছি। এই ধরনের গান শুনতে আমার ভালো লেগেছে। ভালো থেকো, অনির্বাণ।"
একইভাবে সিপিআই(এম)-এর শতরূপ ঘোষও প্রতিক্রিয়া জানিয়েছেন, "আমি খুশি যে আমি সেই গানের একটি চরিত্র ছিলাম। এটা শুনে আমার ভালো লেগেছে।" এ বিষয়ে বিজেপির প্রাক্তন পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি।












Click it and Unblock the Notifications