অমিত শাহ যাবেন কালীঘাটে, শহরে উদ্বোধন করবেন দুর্গাপুজোর দুটি মণ্ডপ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাল যাবেন কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরেই কালীঘাট মন্দিরে। আজ রাতেই ১০টা ৫০ মিনিট নাগাদ কলকাতায় আসছেন শাহ।
কাল তিনি শহরে দুর্গাপুজোর দুটি মণ্ডপ উদ্বোধন করবেন। তারই ফাঁকে যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতে।

গতকালই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, ভিড় হবে না বলে রিপোর্ট পাওয়ায় দক্ষিণ কলকাতার একটি পুজোর উদ্বোধন করতে যাবেন না অমিত শাহ। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব তা মানতে চাইছিলেন না। আজ শাহের সফরসূচি চূড়ান্ত হওয়ার পর দেখা যাচ্ছে কুণালের কথাই ঠিক। দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপের উদ্বোধন শাহ করবেন না।
কাল সকাল সাড়ে ১০টায় অমিত শাহ যাবেন সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধনে। সেখানে থিম অপারেশন সিঁদুর। এই পুজোটি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত। আগেও অমিত শাহ সজলের পুজোর উদ্বোধন করেছেন। এখান থেকেই শাহ যাবেন কালীঘাটে।
সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ অমিত শাহ কালীঘাট মন্দিরে মায়ের দর্শন সেরে পুজো দেবেন। সেখান থেকে সোজা যাবেন ইজেডসিসিতে। রাজ্য বিজেপির সাংস্কৃতিক শাখাই মূলত সেখানে দুর্গাপুজোর আয়োজন করছে। সেই পুজোর উদ্বোধন করবেন শাহ।
এদিকে, আজই বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে প্রভারী এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব-কে সহ প্রভারী নিযুক্ত করেছে। তারপরই শাহ শহরে আসছেন। মনে করা হচ্ছে, তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দলীয় বৈঠকও সেরে নিতে পারেন। যেখানে আগামীর রূপরেখা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিতে পারেন।












Click it and Unblock the Notifications