Amit Shah attacks Mamata: রবীন্দ্রসঙ্গীতের বাংলায় বোমার শব্দই দস্তুর! মমতাকে বিঁধে '২৬-এ বদলের ডাক অমিত শাহর
Amit Shah Attacks Mamata: ৭ বিধানসভায় উপনির্বাচনের আগে বাংলায় এসে মমতা ব্যানার্জিকে অলআউট আক্রমণ অমিত শাহের। সল্টলেকের EZCC-তে বিজেপির (BJP West Bengal) সদস্য সংগ্রহ অভিযানে এসে রাজ্যের শাসকদলকে একের পর এক তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন মিসড কল নম্বর প্রকাশ করে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচির সূচনা করেন তিনি। একইসঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের ডাকও দিলেন শাহ।
রাজ্য সরকারের মদতেই বাংলায় অনুপ্রবেশ হয় বলে দাবি অমিত শাহর। দুর্নীতি ইস্যুতেও শাসকদলকে ঝাঁঝালো আক্রমণ শাহের। তিনি বলেন, "বাংলায় চাকরিতে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, রেশনে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটের রাজনীতিই চলে। বাংলায় সব ক্ষেত্রেই দুর্নীতি। মা বোনেদের সুরক্ষাও এখানে তলানিতে। সন্দেশখালি থেকে আরজি কর কাণ্ডেই তার প্রমাণ। এখানে রবীন্দ্র সঙ্গীতের বদলে বোমার শব্দ শোনা যায়।"

বঙ্গ বিজেপিকে বার্তা দিয়ে অমিত শাহ (Amit Shah) বলেন, "বাংলা থেকেই বিজেপির শুরু। এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। জাতপাতের রাজনীতি ও পরিবারবাদের উপর ভর করে এসেছে সব রাজনৈতিক দল। কিন্তু গোটা দেশে একমাত্র গণতান্ত্রিক দল বিজেপি।"
লোকসভায় বিজেপির আসন সংখ্যা কমলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) নিয়ে বুক বাঁধছে বিজেপি। অমিত শাহ এদিন বলেন, "লোকসভায় কম আসন দেখে মমতা উচ্ছ্বসিত হবেন না।" জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ টেনে শাহ বলেন, "ভুলে যাবেন না, ২টি আসন থাকা সত্ত্বেও ৩৭০ ধারা রদের মতো পদক্ষেপ করে দেখিয়েছে বিজেপি।"
ইন্ডি জোটকেও নিশানা শাহের। হরিয়ানার ভোট কর্মসংস্থানের দিশা দেখিয়ে বিজেপি জিতেছে বলে দাবি শাহের। তিনি বলেন, "বাংলাকে বলব, চাকরি পেতে হলে দুর্নীতিবাজ সরকারকে সরাতে হবে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডও আমাদের হবে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি আগেই দেওয়া হত। আটকে ছিল মমতার জন্য। ১০০ দিনের কাজসহ কেন্দ্রের দেওয়া টাকা লুটেছে মমতার নেতামন্ত্রীরা। বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা।"
সম্প্রতি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিনের সভা থেকে মিঠুনকে স্মারক ও সম্মানপত্র তুলে দেন অমিত শাহ। মঞ্চ থেকে মিঠুনের বক্তব্যে বদলার সুরই শোনা গেল। হুমায়ুন কবীরকে ভাগীরথী মন্তব্য টেনে নিশানা মিঠুনের। বিজেপি নেতা বলেন, "মুখ্যমন্ত্রী হুমায়ুন কবীরকে কিছু বলেননি। কিন্তু আমি বলছি, হুমকি দিলে কেটে ভাগীরথীতে নয়, তোমার জমিতেই ফেলব।"
মিঠুন আরও বলেন, "এমন কার্যকর্তা চাই না যারা টাকা নিয়ে কাজ করে। এর চেয়ে তৃণমূলে যোগ দিন। হিন্দুদের ভোট দিতে না দিলে আপনার ভোটব্যাঙ্ককেও ভোট দিতে দেব না। এটা অভিনেতা মিঠুন বলছে না, রাজনৈতিক মিঠুন বলছে। এক কোটি সদস্য হলেই বাংলায় বিজেপি মসনদে বসবে।"
বাংলায় সনাতনীদের জোটবদ্ধ হওয়ার বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও (Suvendu Adhikari)। তিনি বলেন, "বাংলায় ২৩৫ জন কর্মীর প্রাণ গিয়েছে। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হতে দেব না। দুর্গামুর্তি ভেঙেছে, মণ্ডপে ঢুকেছে, কাউকে ছাড়বনা। বাংলায় ৮০ শতাংশ হিন্দু ভোট একত্রিত করতে হবে।"












Click it and Unblock the Notifications