নজরে লোকসভা নির্বাচন! এই মাসেই মমতার বাংলা সফরে অমিত শাহ
এই মাসেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ। ২৭ ও ২৮ জুন এই রাজ্যে তাঁর কর্মসূচি রয়েছে।
এই মাসেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ। ২৭ ও ২৮ জুন এই রাজ্যে তাঁর কর্মসূচি রয়েছে। পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া কিংবা আলিপুরদুয়ারের ফলাফলে উৎসাহিত গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তাই এখন থেকেই কাজ শুরু করে দিতে চান অমিত শাহরা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বলরামপুরে দুই কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে দিল্লিতে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ দুজনকেই খুন করা হয়েছে। সেই মতো ১৭ থেকে ২২ জুন পর্যন্ত রাজ্যব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কোনও ভাবেই এই আন্দোলনের রাশ আলগা করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
অমিত শাহ রাজ্যে এসে লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
এপ্রিলে দুদফায় রাজ্য সফরের কথা ছিল অমিত শাহের। ৮ এপ্রিল দমদমে নেমেই সোজা উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল অমিত শাহের। পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলন করারও কথা ছিল অমিত শাহের। আগে নেতাজি ইন্ডোরে সভার অনুমতি পাওয়া না গেলেও এবারের জন্য নেতাজি ইন্ডোরে সভার অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু সফর সূচিতে বাধ সাধে পঞ্চায়েত নির্বাচনের সূচি। প্রাথমিকভাবে ৯ এপ্রিল পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।
এর পরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আইনি জট এবং কর্ণাটক নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর পশ্চিমবঙ্গ সফর হয়নি বিজেপির সভাপতির।
ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে। অনেক পিছনে থাকলেও গ্রাম বাংলায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তাই আর দেরি করতে রাজি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনে অনেক আগেই দলের নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে রাজ্যের একাধিক জায়গায় অমিত শাহ সফর করবেন বলে জানা গিয়েছে।
কলকাতায় বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক কিংবা কর্মীসভা ছাড়াও, রাজ্যের একাধিক জায়গায়, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় অমিত শাহের সমাবেশ করার কথা জানা গিয়েছে রাজ্য বিজেপি সূত্রে।
ফেডারেল ফ্রন্টই হোক কিংবা কর্ণাটকে জেডিএসকে উপদেশ দেওয়া, সবেতেই সামনের সারিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিজেপির এবার টার্গেটে যে পূর্বভারতের এই রাজ্য থাকবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications