কলকাতায় রামমন্দিরের উদ্বোধন করতে আসছেন অমিত শাহ?
কলকাতায় রামমন্দির! সেই রামমন্দির উদ্বোধন করতে আসছেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? শুনে অবাক লাগছে? রামমন্দির তো উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে। আগামী জানুয়ারি মাসে তার উদ্বোধন। তাও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মন্দির উদ্বোধন করবেন বলে খবর।
তাহলে কলকাতায় রামমন্দির হল কীভাবে? তাও আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা শোনা যাচ্ছে সেই উদ্বোধন করতে? কলকাতার আকাশ - বাতাসে এখন আগমনীর সুর। শনিবার মহালয়া। তারপরেই কলকাতায় পুরোদমে দুর্গাপুজোর আনন্দ শুরু হয়ে যাবে।

বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সহ একাধিক পুজোর উদ্বোধন করলেন৷ আগামী দিন কয়েকে আরও পুজোর উদ্বোধন হবে। তবে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেতাদের উদ্বোধনের তালিকায় নেই মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো।
সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা বলেই মধ্য কলকাতায় পরিচিত। এখন সেই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। এবার ওই পুজোর থিম রামমন্দির। উত্তরপ্রদেশে যে রামমন্দির হচ্ছে, তারই আদলে এই পুজোর মণ্ডপ করা হয়েছে। এই পুজোর উদ্বোধন হবে দ্বিতীয়ার দিন, অর্থাৎ ১৬ অক্টোবর।
এই পুজোর উদ্বোধন করতেই কলকাতায় আসছেন অমিত শাহ। বিজেপির অন্দরে সেই কথাই কানাঘুসো শোনা যাচ্ছে। যদিও পুজো কমিটির পক্ষ থেকে এই খবর লেখা পর্যন্ত অমিত শাহের আসার ব্যাপারে কোনও তথ্য দেওয়া হয়নি।
গত বছর লেবুতলা দিল্লির লাল কেল্লা বানিয়েছিল। সেই পুজোমণ্ডপের বাইরে লাইট, সাউন্ডের বিশেষ আকর্ষণ ছিল। প্রচুর সংখ্যায় দর্শণার্থীর আগমন হয়েছিল গত বছর। ভিড় রুখতে ওই লাইট সাউন্ডের খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছিল নবান্ন। তাই নিয়ে বিতর্কও কম হয়নি।












Click it and Unblock the Notifications