মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত পরিকল্পনা বানচাল হতে বসেছে বিজেপির। আর প্রথম ধাপেই বাতিল হতে বসেছে অমিত শাহের বাংলা সফর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত পরিকল্পনা বানচাল হতে বসেছে বিজেপির। আর প্রথম ধাপেই বাতিল হতে বসেছে অমিত শাহের বাংলা সফর। অমিত শাহকে বাংলায় এনে পঞ্চায়েত পরিকল্পনা প্রস্তুত করতে চেয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু বিজেপির সব পরিকল্পনা ভেস্তে গেল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায়। নিরূপায় হয়েই দাঁড়ি টানতে হল অমিত শাহের সফরে।

বিজেপির মূল লক্ষ্য ২০১৯। তার আগে রাজ্যের শাসককে বার্তা দিতে গ্রাম দখলই সার ভেবে ছিলেন দিলীপ ঘোষ-মুকুল রায়রা। সেইমতো ভোট-যুদ্ধ জয়ের দিশা দেখাতে রাজ্যে চারদিনের সফর করার কথা ভেবেছিলেন বিজেপির সর্বভারতীয় সভপাতি। বিজেপিকে শক্তি জোগাতে অমিত শাহ আসার প্রাক্কালেই পঞ্চায়েত-যুদ্ধ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।
তাই এই স্বল্প সময়ের মধ্যে রাজ্যে এসে নতুন করে কর্মীদের কোনও বার্তা দিতে চান না অমিত শাহ। এখন আর সাংগঠনিক মূল্যায়নের পথে না গিয়ে পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি। তাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল অমিত শাহের বাংলা সফর। উল্লেখ্য, এর আগেও দুবার বাতিল হয়েছিল অমিত শাহের সফর।
প্রথমে নতুন বছরের শুরুতেই তাঁর আসার কথা ছিল বাংলায়। পরে স্থির হয় ত্রিপুরা ভোট মিটিয়েই তিনি বাংলায় আসবেন। শেষপর্যন্ত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অমিত শাহ বাংলায় আসবেন বলে জানিয়ে দেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি তাঁর জনসভা করারও কথা ছিল। সেইসঙ্গে পার্টির সার্বিক কাজকর্মের কতটা অগ্রগতি হল, তা দেখেই তিনি পরবর্তী নির্দেশ দিয়ে যাবে, ভেবেছিলেন। কিন্তু বিপত্তি বাধল নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাওয়ায়।
তবু বঙ্গ বিজেপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, অন্তত দুটি জনসভা যদি সর্বভারতীয় সভাপতিকে দিয়ে রাজ্যে করানো যায়, তবে রাজ্যে পঞ্চায়েতের আগে বিজেপির পক্ষে উৎসাহব্যঞ্জক হবে বলেই বঙ্গ নেতৃত্ব মনে করছে। তবে সেই সম্ভাবনাও আপাতত শিকেয় তুলে আপাতত আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ কর্মীদের দেরি না করে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।












Click it and Unblock the Notifications