Cyclone Dana: কলকাতা পুরসভায় সব ছুটি বাতিল, ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৈরি টিম
ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। বঙ্গোপসাগরে ধীর গতিতে এগোচ্ছে সে। ফলে দুশ্চিন্তা বাড়ছে আবহবিদদের। যত ধীর গতিতে বেশি সময় জলভাগে থাকবে, দানা ততটাই শক্তিশালী হয়ে উঠবে।
কলকাতাতে বিপর্যয় কতটা হতে পারে? সেই দুশ্চিন্তা রয়েছে। কলকাতা পুরসভা বিপর্যয় সামাল দিতে আগাম প্রস্তুতি নিয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে।

কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার পর্যন্ত তৎপরতা তুঙ্গে থাকবে। কলকাতা পুরসভার কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। বিপজ্জনক বাড়ি, গাছ পড়ে যাওয়া, জল জমার সমস্যায় তৈরি প্রশাসন। যে কোনও সমস্যায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নম্বর ২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪। কলকাতা পুরসভার সচিব স্বপনকুমার কুণ্ডুর নেতৃত্বে তৈরি বিশেষ টিম।
জরুরি বিভাগকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নিকাশি, সিভিক, বিদ্যুৎ ও আলো, উদ্যান, স্বাস্থ্য এবং জঞ্জাল অপসারণ বিভাগকে সতর্ক থাকতে নির্দেশ পুর কর্তৃপক্ষের। ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে কলকাতা পুরসভায়।
পুর সচিবকে নোডাল অফিসার করে বোরো ও ওয়ার্ড ভিত্তিক দল গঠন করা হল। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকছে নবান্ন ও লালবাজার পুলিশ হেড কোয়ার্টার।
বুধবার দুপুর দুটো থেকে শনিবার পর্যন্ত চরম সতর্কতা কলকাতা পুরসভায়। সমস্ত বিভাগকে সতর্ক থাকতে নির্দেশ পুর কর্তৃপক্ষের।
প্রস্তুত রাখা হয়েছে ২৮১ টি নিকাশি মেশিন।
প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ টিম। ৪৫২ টি পাম্প সক্রিয় রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে সাকশন মেশিন। মজুত রাখা হয়েছে হাইড্রোলিক ল্যাডার সহ একাধিক সরঞ্জাম।
বিদ্যুৎ দফতরেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন ভবনে দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু।
ঝড়ের ফলে কোথাও কোনও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী।
একই সঙ্গে প্রতিটি জেলাতেও পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিন সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করা হয়। ২৪×৭ কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।
ডব্লুবিএসইডিসিএলের হেল্পলাইন নম্বর ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪, টোল ফ্রি নম্বর ১৯২২১। হোয়াটস অ্যাপ - ৮৪৩৩৭১৯১২১।
সিইএসসির হেল্পলাইন নম্বর- ০৩৩ ৩৫০১১৯১২, ০৩৩ ৪৪০৩১৯১২, ১৮৬০৫০০১৯১২। হোয়াটস অ্যাপ - ৭৪৩৯০০১৯১২। স্পেশাল হেল্পলাইন নম্বর - ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০।












Click it and Unblock the Notifications