ফের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার বার্তা এল, মেমারি, বাগদায় আতঙ্ক তাড়া করছে বাসিন্দাদের
আধার কার্ড বাতিলের আতঙ্ক যেন আরও বড় আকার নিচ্ছে। আরও সাধারণ মানুষের আধার কার্ড বাতিল হওয়ার বার্তা এসেছে বলে খবর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয় দিয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যার সমাধান হবে। কিন্তু আরও আধার কার্ড বাতিলের তথ্য আসতে শুরু করল।
বর্ধমানের জামালপুরে এবার আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছেছে। মাথায় হাত মেমারির বাসিন্দাদের। নাগরিকত্ব হারানোর ভয় গ্রাস করছে তাদের। প্রায় ১০ থেকে ২০ জনের কাছে এই সংক্রান্ত চিঠি এসেছে বলে খবর।

পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের বহু পরিবার এখন আতঙ্কিত। চিঠিতে উল্লেখ আছে, আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। ফলে চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে বাসিন্দারা।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের পারিজাত নগর, উদয়পল্লী সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ জন এমন চিঠি পেয়েছেন। এমনকী তাদের রেশন, ব্যাঙ্কের লেনদেন-সহ আধার নির্ভর সব কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।
উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা গ্রামেও একই ঘটনা ঘটেছে বলে খবর। প্রায় ৩০ জনের মতো মানুষের আধার কার্ড বাতিলের বার্তা গিয়েছে। এখানেও একইভাবে আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষের মধ্যে।
রাজ্য সরকার যদিও এই বিষয়ে পদক্ষেপ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন। ঘটনা নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও জানিয়েছেন, সমস্যা হবে না মানুষের।
শুভেন্দু দাবি করেছেন, রাঁচির অফিস এই ভুল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বিষয়ে তাঁর কথাও হয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনার বহু মানুষের এই আধার কার্ড বাতিল হয়েছে বলে খবর।
২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি ঠিক হবে বলা হয়েছে। নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় হওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি বলে খবর। এদিকে আরও সাধারণ মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটল?
কবে এই আধার কার্ড সক্রিয় হয়ে হবে? নাগরিকত্ব হারানোর ভয় গ্রাস করছে এইসব মানুষের।












Click it and Unblock the Notifications