কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু, রাজনৈতিক স্বার্থে অপপ্রচার, দাবি মেয়রের
শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। নেতাজিনগরে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। অন্যদিকে কেষ্টপুরে মৃত্যু হয়েছে চতুর্থশ্রেণির একছাত্রের। কলকাতার মেয়রের অভিযোগ রাজনৈতিক স্বার্থেই ডেঙ্গি নিয়ে অপপ্রচার চলছে
শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। নেতাজিনগরে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। অন্যদিকে কেষ্টপুরে মৃত্যু হয়েছে চতুর্থশ্রেণির একছাত্রের। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ রাজনৈতিক স্বার্থেই ডেঙ্গি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা।

সরকারের খাতায় ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি না হলেও, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা। রবিবার কলকাতায় দুজনের ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুজনেরই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।
সোমবার থেকে জ্বরে ভুগছিল কেষ্টপুরের চতুর্থ শ্রেণির ছাত্র সৌম্যজিৎ পাল। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি রক্ত পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়লেও, সেই সময় সৌম্যজিতের প্লেটলেটের পরিমাণ ভালই ছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। এই অবস্থায় স্কুলের পরীক্ষাও দেয় সৌম্যজিৎ। হঠাৎই শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয় সৌম্যজিতের। পায়খানা ও বমি করতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় সৌম্যজিতের প্লেটলেট নেমেও গিয়েছিল। ঘটনায় এলাকায় অপরিষ্কার এবং মশার দৌরাত্মকে দায়ী করেছে সৌম্যজিতের পরিবার। এলাকায় ডেঙ্গির প্রকোপ রয়েছে বলেও জানিয়েছে সৌম্যজিতের পরিবার।
অন্যদিকে কলকাতা পুরসভা এলাকার নেতাজিনগরে মৃত্যু হয়েছে সবিতারানি দে নামে এক প্রৌঢ়ার। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন তাঁর ছেলে। এলাকায় জমা জল থেকে মশার উৎপাতের কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বাম কাউন্সিলর। তবে এরজন্য পুরসভাকে দায়ী করেছেন তিনি।

এদিকে ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার পথে নামেন তৃণমূল কাউন্সিলররা। বেহালায় পথে নামেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। তাঁর দাবি, কলকাতায় গতবারের তুলনায় ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায়নি। মৃত্যুর জন্য অজানা জ্বরকে দায়ী করেছেন তিনি। রাজনৈতিক স্বার্থেই বিরোধীরা ডেঙ্গি নিয়ে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। ডেঙ্গির মোকাবিলায় পুরসভা সচেষ্ট আছে বলেও মন্তব্য করেছেন মেয়র।












Click it and Unblock the Notifications