বিপর্যয়ের বছরপূর্তিতে নিহতদের স্মরণ, আজও সংশয় বুকে দাঁড়িয়ে পোস্তা উড়ালপুল
সেদিনও ছিল এমনই গরমের দুপুর। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই দুর্ঘটনা। তারপর বছর পার হয়ে গেল।
কলকাতা, ৩১ মার্চ : সেদিনও ছিল এমনই গরমের দুপুর। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই দুর্ঘটনা। তারপর বছর পার হয়ে গেল। শুক্রবারই মর্মান্তিক সেই দুর্ঘটনার বর্ষপূর্তি। বিপর্যয়ের বছর পরে স্মরণ করা হচ্ছে নিহতদের। কিন্তু আজও ধ্বংসের সেই সাক্ষী বিরাজমান পোস্তায়।
২০১৬ সালের ৩১ মার্চ। ঠিক এক বছর আগের সেদিন। আজ ২০১৭-র ৩১ মার্চও সংশয় বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে উড়ালপুল। এখনও তার দিকে তাকালে বুকটা হু হু করে ওঠে প্রিয়জনকে হারানো অনেকের। তবু চোখের জল ফেলা ছাড়া উপায় নেই কিছু। পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কয়েকদিন আগেই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, উড়ালপুল দিয়ে শুধু রিকশা, বাইক ও সাইকেল চালানো যাবে।

খাঁচা লোহার হলে কী হবে, তা ভঙ্গুর হয়ে গিয়েছে লোহার বিম বেঁকে গিয়েছে, পায়ার ক্যাপও নষ্ট হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে বাসা বেঁধেছে পাখি ও পায়রারা। নিচে দিয়ে সেই আগের মতোই ব্যস্ত শহর কর্মমুখী। কারও কোনও হেলদোল নেই। নেই ঘুরে দাঁড়ানোর সময়।
তবু আজকের পোস্তা একটু অন্যরকম। দুর্ঘটড়নাস্থলেও নিহতদের স্মরণে শোকসভা করা হয়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে তৃণমূলের কাউন্সিলর-নেতারা হাজির হয়ে স্মরণ করেন নিহতদের। শ্রদ্ধা জানান, পথচলচি মানুষেরাও। প্রার্থনা জানান, এই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী যেন আর হতে না হয় বাংলাকে।
কিন্তু ভয় যাচ্ছে না অনেকেরই। একটু কেঁপে উঠলেই যে এক বছর আগের আতঙ্ক তাড়া করে বেড়ায়। আর কলকাতার উড়ালপুল গুলির অবস্থা রিপোর্টেও সেই আতঙ্কের ছবি স্পষ্ট। পোস্তা উড়ালপুলও দাঁড়িয়ে আছে আতঙ্কের চিহ্ন নিয়ে। এই উড়ালপুলের পাঁজরে পাঁজরে বাসা বেঁধেছে ক্ষয়রোগ। পায়ার ক্যাপ সরে গিয়েছে পায়ার থেকে। কোথায় বেঁকে গিয়েছে লোহার বিম। লোহার কাঠামোয় লেগেছে ক্ষয়রোগ। একাধকি কমিটি গড়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি আজও।
তেমনই ঝুলে রয়েছে বিচার পর্বও। ২ কোডিএম কর্তা ও ১০ জন নির্মাণকর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, তবু গঠন হয়নি চার্জ। কারণ বাকি অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি পুলিশ। বর্তমানে জামিনে মুক্ত ১৬ জন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। আগামী ২৯ জুলাই চূড়ান্ত চার্জশিট পেশ করার কথা।












Click it and Unblock the Notifications