ফের আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার, মন্দারমণির পর সল্টলেক, জখম ১
কলকাতা, ৪ অক্টোবর : ফের আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। সল্টলেকের এসি ব্লকের এই ঘটনায় জখম হন তিনজন। তিন যুবক তাঁদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। বাকি দুই দুষ্কৃতী পলাতক।
ঘটনার সূত্রপাত একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে। চোর সন্দেহে তিনজনকে আটক করেছিল সিভিক ভলেন্টিয়াররা। তখনই তিন দুষ্কৃতী চড়াও হয় সিভিক ভলেন্টিয়ারদের উপর। তাঁদের বেধড়ক মারধর করা হয়। দুষ্কৃতীদের মারে একজনের মাথা ফেটে যায়। এই ঘটনায় খোদ পুলিশের নিরাপত্তাই নিয়েই প্রশ্ন উঠে পড়েছে।

সপ্তাহখানেক আগে মন্দারমণিতে সিভিক ভলেন্টিয়াররা আক্রান্ত হয়েছিলেন পর্যটকদের হাতে। সমুদ্রবক্ষে নামতে বাধা দেওয়ায় ভলেন্টিয়ারদের উপর চড়াও হয়েছিল তিন মহিলাসহ ছ-সাতজনের একটি পর্যটকদল। সমুদ্র সৈকতেই সিভিক ভলেন্টিয়ারদের মারধর করা হয়। বেশ কয়েকজন ভলেন্টিয়ার গুরুতর জখম হন। এই ঘটনায় মদ্যপ পর্যটকদের গ্রেফতার করেছিল পুলিশ। শুধু সিভিক ভলেন্টিয়ারদেরই নয়, হামলা করেছিল হোটেল ম্যানেজার কর্মীদের উপরও।
আবারও সেই একই ধরনের ঘটনা সল্টলেক এসি ব্লকে। প্রশ্ন উঠছে, কেন বারবার আক্রান্ত হচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা? যাঁরা নিজেদের রক্ষাই করতে পারছে না, তাঁরা কী করে অপরকে নিরাপত্তা দেবে?












Click it and Unblock the Notifications