মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরীর চিঠি, বিতর্ক বাড়ালেন কৌস্তুভ বাগচী
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেসের তরুণ নেতা কৌস্তুভ বাগচী। রীতিমতো আক্রমণাত্মক মন্তব্য করেছেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তিনি তার বক্তব্য পেশ করেছেন। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এই বক্তব্যকে গায়ে মারতে চাইছে না প্রদেশ কংগ্রেস।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। লোকসভা স্ট্যান্ডিং কমিটি শীতকালীন অধিবেশনে মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সম্ভবত তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাবে। বরাবর এই ইস্যুতে মহুয়া মৈত্রের পক্ষে সওয়াল করছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। শেষ মুহূর্তে তিনি চিঠি দিয়েছেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে যাতে কোনও বিরূপ সিদ্ধান্ত নেওয়া না হয়। এমনই বক্তব্য সাংসদ অধীর চৌধুরীর গলায়।

এই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে চাপানউতোড়। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের মধ্যে বিক্ষুব্ধ হয়ে রয়েছেন কৌস্তুভ বাগচী। তিনি দলের বিরুদ্ধে মাঝেমধ্যেই মত প্রকাশ করছেন। সেই তিনি ফের মুখ খুললেন। ভিডিও বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও বক্তব্য রেখেছেন। অধীর চৌধুরীর এই পদক্ষেপ প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছেন তিনি। ফলে শুরু হয়েছে চর্চা।
রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। আগামী দিনেও করবে। তাহলে কেন মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানো হচ্ছে? এখন কৃষ্ণনগরের সাংসদের পাশে দাঁড়ালে রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে পারে। এমনই দাবি কৌস্তুভের। ফেসবুকে তিনি লিখেছেন, 'আজ মহুয়া মৈত্রকে সাধু বলবো, কাল অভিষেক ব্যানার্জিকে, পরশু মমতা ব্যানার্জিকে। বাংলার কংগ্রেস কর্মীরা তাহলে চলুন চোরেদের সাধু বলা প্র্যাকটিস করি। বিষয়টা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে দিয়ে শুরু করলে কেমন হয়? '
কৌস্তুভ বাগচীকে ঘিরে কংগ্রেসের মধ্যেও জল্পনা রয়েছে। বিজেপির বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পাশাপাশি মিছিলে হেঁটেছেন তিনি। দুর্গাপুজোর সময় বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজোয় তিনি হাজির হয়েছিলেন। রামমন্দির আদলে তৈরি করা মণ্ডপকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন কংগ্রেস নেতা। তাহলে কি তিনি বিজেপিতে দিকে ঝুঁকে রয়েছেন? এই প্রশ্ন দলের অন্দরেই উঠেছে।
রাজ্যের কংগ্রেস নেতৃত্ব কৌস্তুভ বাগচীর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির ঘরের লোক গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। এ বিষয়ে যৌক্তিকতা রয়েছে। এছাড়া অধীর চৌধুরী সংসদ ভবনের বিরোধী দলনেতা। ফলে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে চিঠি দেওয়া হয়েছে। এমনই দাবি কংগ্রেসের।












Click it and Unblock the Notifications