আদালতে স্বস্তি পেলেন অধীর চৌধুরী! পুলিশের পদক্ষেপে 'বড়' বাধা
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর নিয়ে রক্ষা কবচ আদালতের। তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ পুলিশ করতে পারবে না। ফাইনাল রিপোর্টও হাইকোর্টের অনুমতি ছাড়া দিতে পারবে না পুলিশ। তাঁর সঙ্গে কথা বলতে হলে ৪৮ ঘণ্টা আগে তাঁকে জানিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবে পুলিশ।
আগের দেওয়া ৪১- এ ধারার নোটিস স্থগিত করার কথাও জানিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে অধীর চৌধুরীর মামলার শুনানি হয়।

রাহুল গান্ধীর রাজ্য সফরের সময় রাহুল গান্ধীর কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। সেই সফরে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পুলিশের অভিযোগ, সেখানে তিনি উত্তেজক বক্তব্য রাখেন, তাতে কংগ্রেস সমর্থকরা উত্তেজিত হয়ে পরেন।
কিন্তু অধীর চৌধুরীর আইনজীবীর দাবি, ওই কাঁচ ভাঙার ঘটনা এ রাজ্যের বাইরেই হয়। কিন্তু পুলিশ মিথ্যে অভিযোগ দায়ের করে তাঁকে হেনস্থা করতে চাইছে। যদিও রাজ্যের দাবি, তিনি যে উস্কানি দিয়েছেন, তাতে ফৌজদারি মামলার ধারা যুক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে। এব্যাপারে সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা দিয়ে জমা দিতে নির্দেস দিয়েছেন বিচারপতি। পাঁচ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত অধীর চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪১-এ ধারায় নোটিস পাঠানো হয়েছিল। ওই দিন কী ঘটেছিল জানতে চেয়েছিল পুলিশ। অন্যদিকে অধীর চৌধুরী এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
৩১ জানুয়ারি বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে ঢোকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। অধীর চৌধুরী অভিযোগ করেছিলেন, ঢির মেরে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে।
প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, বুঝে নিন, কারা হামলা চালিয়েছে। তিনি বলেছিলেন, আমরা জানি অতিথি দেব ভব। কিন্তু বাংলায় রাহুল গান্ধী ঢোকার পর থেকে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেছিলেন, নাম না করলেও তিনি তৃণমূলের দিকেই ইঙ্গিত করেছিলেন। পরে সর্বভারতীয় কংগ্রেসের তরফে জানানো হয় বিহারেই রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙে। এরপর অধীর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে পশ্চিমবঙ্গ পুলিশ।
এদিনের হাইকোর্টের রায় নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অধীর চৌধুরী. পাশাপাশি তিনি বর্তমানে তৃণমূলের নেতাদের বিজেপিতে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন, আগামী দিনে ভাইপো দলবদলের রাস্তা পরিষ্কার রাখছেন নাতো?












Click it and Unblock the Notifications