বর্ষবরণের রাতে অভিনেত্রীর শ্লীলতাহানি, সিসিটিভি-র ফুটেজ দেখে গ্রেফতার ৫
বর্ষবরণের রাতে অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল পাঁচ যুবককে। রাস্তার সিসিটিভি-র ফুটেজ দেখে পাঁচ যুবককে জালে পুরতে সমর্থ হয় যাদবপুর থানার পুলিশ।
কলকাতা, ১০ জানুয়ারি : বর্ষবরণের রাতে অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল পাঁচ যুবককে। রাস্তার সিসিটিভি-র ফুটেজ দেখে পাঁচ যুবককে জালে পুরতে সমর্থ হয় যাদবপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, দুই বন্ধুর সঙ্গে রাতের পার্টি সেরে ফেরার সময় ওই পাঁচ যুবক গাড়ি থেকে নেমে অভিনেত্রীর শ্লীলতাহানি করে। প্রতিবাদ করলে তাঁর দুই সঙ্গীকে প্রহার করা হয় বলে অভিযোগ।

সোমবার রাতে অভিযান চালিয়ে লেক থানা এলাকা থেকে পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে ইনোভা গাড়িটিও। নিগৃহীতা অভিনেত্রী গাড়ির নম্বরটি নোট করে রেখেছিলেন। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। তারপর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়।
অভিযোগ, বর্ষবরণের রাতে যাদবপুরের ঢাকা কালীবাড়ির কাছে দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার জন্য দাঁড়িয়েছিলেন ওই অভিনেত্রী। তখন একটি গাড়ি হঠাৎ তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে নেমে পাঁচ জন যুবক ওই অভিনেত্রীর শ্লীলতাহানি করে। ওই অভিনেত্রীকে গাড়িতে তোলারও চেষ্টা করা হয়। তাঁর সঙ্গী দুই যুবকের বাধায় অভিনেত্রীকে গাড়িতে তুলতে পারেনি যুবক। এরপর পাঁচজন পালিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী।












Click it and Unblock the Notifications