কারমেলকাণ্ডে পকসো আইনে গ্রেফতার শিক্ষক, থানায় অভিযোগ দায়ের বাবা-মা-র
পুলিশ সূত্রে খবর সৌমেনের বয়না পুলিশ বেশকিছু অসঙ্গতি পেয়েছে। এমনকী, জেরার মুখে সৌমেন যা বলেছেন তাতে তাকে গ্রেফতারির মতো যাবতীয় তথ্য মিলেছিল বলেই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
কারমেলে প্রাথমিক বিভাগে ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার হল শিক্ষক। সৌমেন রানা নামে অভিযুক্ত ওই ডান্স টিচারকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানা। শুক্রবার সকালেই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। টালিগঞ্জ থানায় নিয়ে গিয়ে চলে জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে খবর সৌমেনের বয়না পুলিশ বেশকিছু অসঙ্গতি পেয়েছে। এমনকী, জেরার মুখে সৌমেন যা বলেছেন তাতে তাকে গ্রেফতারির মতো যাবতীয় তথ্য মিলেছিল বলেই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। টালিগঞ্জ থানায় নির্যাতিতা শিশুর বাবা-মা-র বয়ানও নথিবদ্ধ করা হয়। তবে, নির্যাতিতা শিশুর কোনও মেডিক্যাল করা হবে কি না তা পরিস্কার করেনি পুলিশ।
মেদিনীপুর জেলার ছেলে সৌমেন নাচের সূত্র ধরে কারমেল স্কুলে কাজ করত। তবে, স্থায়ীভাবে না অস্থায়ীভাবে তার নিয়োগ হয়েছিল- সে বিষয়ে কারমেল কর্তৃপক্ষ কিছু জানায়নি। এমনকী, সরকারিভাবে স্কুল কর্তৃপক্ষ কোনও বয়ানও দেয়নি। অভিভাবকদের উদ্দেশে স্কুলের অধ্যক্ষা শুধু জানান যৌন নির্যাতনের ঘটনা নিয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। এমনকী, ছাত্রীরাও কোনও দিন কেউ কিছু অভিযোগ করেননি। অভিযুক্ত শিক্ষক সৌমেন রানা ক্লাস টু-এর ছাত্রীকে যৌন নির্যাতন করে থাকলে আইন অনুযায়ী তার বিচার হবে বলেই নাকি জানান তিনি। অভিযুক্ত শিক্ষককে কেন অভিভাবকদের সামনে আনা হল না তা নিয়ে অধ্যক্ষা অবশ্য কোনও জবাব দেননি। সূত্রের খবর, গ্রেফতারির পরই অভিযুক্ত শিক্ষক সৌমেন রানাকে সাসপেন্ড করে কারমেল কর্তৃপক্ষ।
কারমেলে-এর এই জুনিয়ার সেকশনে নাচের শিক্ষক হিসাবে কাজ করছিল সৌমেন। মাস পাঁচেক আগে সে কাজে যোগ দিয়েছিল। কিন্তু, এত কম সময়ের মধ্যে সে ছাত্রীদের নির্যাতন করার মতো সাহস পেল কোথা থেকে তাও তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।
কারমেল স্কুলের দ্বিতীয় শ্রেণির বেশকিছু ছাত্রী তাদের অভিভাবকদের জানিয়েছে যে নাচের শিক্ষক সৌমেন সবসময়ই নির্যাতিতা ছাত্রীকে কোলে তুলে নিয়ে ঘুরে বেড়াত। যখন-তখন তাকে গালে চুমুও খেত। ছাত্রীটি কোল থেকে নামার চেষ্টা করলে নাকি ভয়ও দেখাত সৌমেন।
সৌমেনকে আপাতত হেফাজতে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। তাহলেই পুরো ঘটনাটি পরিস্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications