Train Accident: চোখে-মুখে আতঙ্কের ছাপ, ভোর তিনটেয় শিয়ালদহ পৌঁছলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা
অবশেেষ শিয়ালদহ স্টেশনে পৌঁছল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ট্রেনটি শিয়ালদহ স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। শিয়ালদহ স্টেশনে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং স্নেহাশিস চক্রবর্তী।
মন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এক যাত্রী। চোখে মুখে তাঁর ভয়ের আতঙ্ক। বেঁচে ফিরেছেন যে সেটা নিজেরাই যেন বিশ্বাস করে উঠতে পারছেন না। মৃত্যুকে চোখের সামনে দেখেছেন তাঁরা। সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না যাত্রীরা। মন্ত্রী ফিরহাদ হাকিমকে জড়িকে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেন সেই যাত্রী।

ভোর রাতেও শিয়ালদহ স্টেশন তখন জন অরণ্যে পরিণত হয়েছে। আতঙ্কিত যাত্রীদের পরিবারের লোকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি সরিয়ে বাকি বগিগুলিকে নিয়ে প্রায় বিকেলের দিকে রওনা দিয়েছিল ট্রেনটি। আলুয়াবাড়ি স্টেশনে যাত্রীদের খাবার এবং জল দেওয়া হয়। তার আগে পর্যন্ত কোনও রকম সহযোগিতা তাঁরা পাননি বলে অভিযোগ করেছিলেন।
সোমবার সকাল পৌনে নটা নাগাদ জলপাইগুড়ির রাঙাপানি স্টেশন পেরোনোর পরেই মালগাড়ির সঙ্গে ধাক্কা হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। পিছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়িটি। কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা দুমড়ে মুচরে গিয়েছিল। মালগাড়ির চালক, লোকো পাইলট এবং কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।
রেসকিউ টিম পৌঁছতে ঘণ্টা দুয়েক সময় লেগে গিয়েছিল।উদ্ধারকাজ শুরু হতেই একে একে বেরিয়ে আসতে শুরু করে মৃতদেহ। প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে পিটিআই সূত্রে খবর ১৫ জন মারা গিয়েছেন আহত ৬০ জন। রেলমন্ত্রী নিজে পৌঁছে গিয়েছিলেন সেখানে। উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এই দুর্ঘটনার জন্য পুরোপুরিভাবে রেলকে দায়ী করেছেন। এদিকে রেলের তরফে দাবি করা হয়েছে মালগাড়ির চালক সিগন্যাল মানেননি বলেই এই দুর্ঘটনা।
দুর্ঘটনাগ্রস্ত ট্রেন যখন শিয়ালদহ স্টেশনে পৌঁছয় তখন যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ। অনেকেই বলেছেন আবার ট্রেনে চাপতে ভয় লাগবে। ট্রেন থেকে নেমে অনেকে যেন হাফ ছেড়ে বাঁচলেন। ঝাঁকুনি হলেই আতঙ্কে বুক কাঁপছিল বলে জানিয়েছেন যাত্রীরা। এতোটাই ট্রমার মধ্যে তাঁরা রয়েছেন। দুঃস্বপ্নের দিন কাটিয়ে ফিরলেন তাঁরা বাড়িতে।












Click it and Unblock the Notifications