ইডির লুক-আউট সার্কুলার! দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে বাধা অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে
তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়া হল কলকাতা বিমানবন্দরে। এদিন তাঁর দুবাই যাওয়ার কথা ছিল। সেই মতো তাঁর কাছে বোর্ডিং পাসও ছিল। কিন্তু তাঁকে ইমিগ্রেশনের তরফে বাধা দেওয়া হয়। তারপর সেখানেই বসিয়ে রাখা হয়।
সূত্রের খবর অনুযায়ী, তাঁকে অভিবাসন দফতরের তরফে জানানো হয় ইডি কয়েকমাস আগে তাঁর বিরুদ্ধে একটি মামলায় লুকআউট নোটিশ জারি করেছে। দিল্লির আদালতে তাঁর বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি রয়েছে। সেই মামলায় তিনি এখনও জামিন নেননি। লুক আউট সার্কুলার থাকায় তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিধিভঙ্গের অভিযোগে তাঁকে বাধা দেওয়া হচ্ছে।

বিমানবন্দর সূত্রে খবর প্রায় ২০ থেকে ২৫ মিনিট বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন রুজিরা। তাঁর আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর নিয়ম মতো বিমানবন্দর থেকে বের হওয়ার আগে খাতায় নিজের পরিচয় লেখেন তিনি। এরপর ৪ নম্বর গেট দিয়ে বেরিয়ে যান রুজিরা বন্দ্যোপাধ্যায়।
তবে বিমানবন্দরে থাকার সময়ই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফে নোটিশ ধরানো হয় বলে জানা গিয়েছে। নোটিশে তাঁকে ৮ জুন কলকাতায় ইডির দফতরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে পরিবার সূত্রে খবর, বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে পরিবার। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই কাজ করা হয়েছে।

উল্লেখ করা প্রয়োজন, কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রুজিরাকে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন।
একদিকে যেমন বিরোধী দলনেতা বারে বারে থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ তুলেছেন এবং কাগজ তুলে ধরে জানতে চেয়েছেন, সেই অ্যাকাউন্ট কার এবং কে টাকা পাঠাচ্ছিল? অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে স্বার্থ চরিতার্থ করতে চায় বিজেপি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে তিনি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবেন, কিন্তু ইডি-সিবিআইয়ের কাছে মাথা নোয়াবেন না। গত সেপ্টেম্বরে অভিষেকের রক্ষাকবচ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত।












Click it and Unblock the Notifications