কলকাতা হাইকোর্টে অভিষেক, হলফনামা জমা করে মেটালেন সেলফির আবদার
আজ সকালে কলকাতা হাইকোর্টে যান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দিলেন তিনি। সকাল ১১টা নাগাদ অভিষেক হাইকোর্ট চত্ত্বরে পৌঁছলে শোরগোল পড়ে যায়।

অভিষেককে দেখে তৃণমূলপন্থী আইনজীবীরা এগিয়ে এলে অভিষেক তাঁদের থামিয়ে দিয়ে ভিতরে ঢুকে যান। এরপর মিনিট দশেক তিনি ওথ অফিসারের ঘরে ছিলেন বলে জানা যাচ্ছে। সেখানে বেশ কিছু নথিতে তিনি সই করেন।
ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)। বুথ দখল, ছাপ্পা ভোট-সহ নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হামেশাই বলে থাকেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ক্যামেরা বন্ধ করে, ইভিএমে সেলোটেপ মেরে রাখা হয়েছিল তৃণমূলের ঘাস ফুল বাদে বাকি সব কটি দলীয় প্রতীকে। এ সংক্রান্ত প্রমাণ পেশের হুঁশিয়ারিও বারবার দেন শুভেন্দু, যদিও এখনও অবধি তিনি কিছু দেখাতে পারেননি।
সম্প্রতি ডায়মন্ড হারবারে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর। যদিও তিনি যে পরিবারের কথা বলেছিলেন তার ভিডিও তুলে অনুরাগের বাড়িতে পাঠিয়ে দিয়ে এসেছিলেন অভিষেকের প্রতিনিধিরা। অভিষেক গত লোকসভা ভোটে ৭ লক্ষ ১১ হাজারের বেশি ভোটে জিতেছেন।
জানা গিয়েছে, বিচারপতি এই ইলেকশন পিটিশনে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অভিষেক তা না করায় সম্প্রতি বিচারপতি জানান ২৮ অগাস্টের মধ্যে হলফনামা জমা না দিলে এক পক্ষের মতামত অনুযায়ী শুনানি চলবে। ফলে আজ অভিষেক গিয়ে হলফনামা দাখিলের জন্য প্রয়োজনীয় নথিপত্রে সইসাবুদ সেরে এলেন।
আদালত থেকে বের হওয়ার সময় অনেক আইনজীবী অভিষেকের কাছে সেলফি তোলার আবদার করেন। হাসিমুখেই সেই আবদার মিটিয়ে গাড়িতে উঠে চলে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।












Click it and Unblock the Notifications