কয়লার কোটি-কোটি টাকা অভিষেকের পকেটে! বাবুলের বিরুদ্ধে লড়াই গড়াল আদালতে
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে নোটিশ পাঠিয়েছিলেন। উত্তর না পেয়ে মামলা করলেন অভিষেক।
ফের লড়াই গড়াল আদালতে। আগেই নোটিশ পাঠিয়েছিলেন, এবার সিটি সিভিল কোর্টে কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে মানহানির মামলা রুজু করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে নোটিশ পাঠিয়ে জানিয়েছিলেন, 'তিনি যে অভিযোগ এনেছেন তা সর্বৈব মিথ্যা। এ জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে বাবুল সুপ্রিয়কে।'

কিন্তু বাবুল পাল্টা জানিয়ে দিয়েছিলেন- 'তিনি যা বলেছিলেন, তা থেকে এক চুলও নড়ছেন না, তিনি আইনি পথেই মোকাবিলা করার জন্য তৈরি।' সেইমতোই লড়াই গড়াল আদালতে। মুকুলের পর বাবুলের বিরুদ্ধেও আইনি লড়াই শুরু করলেন অভিষেক।
গত ৩০ নভেম্বর বাবুল সুপ্রিয় সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিরুদ্ধে চোরাচালানের সিন্ডিকেট চালানোর অভিযোগ করেন। স্থানীয় নেতা ও পুলিশ প্রশাসনের মদতে কয়লা চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, 'ভয়ঙ্কর চোরাচালান চলছে আসানসোলের সমস্ত কয়লা খনিতে। এবং অভিষেককে ছোট বন্দ্যোপাধ্যায় বলে সম্বোধন করে বাবুল অভিযোগ করেছিলেন, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে এ জন্য ১৭ থেকে ১৮ কোটি টাকা পান।'

কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র মুখে এই চাঞ্চল্যকর অভিযোগের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছিলেন। চটজলদি আইনি পরামর্শ নিয়ে তিনি নোটিশ ধরিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে। বাবুল সুপ্রিয়র কাছ থেকে কোনও উত্তর না পেয়ে নোটিশের শর্ত অনুযায়ী সিটি সিভিল কোর্টে মামলা দায়ের করেন অভিষেক।
কলকাতার সিটি সিভিল কোর্ট এই মামলার শুনানিতে জানায়, আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করা যাবে না। এর আগে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধেও মানহানির মামলা রুজু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে যে সমস্ত অভিযোগ উঠেছে, তার মোকাবিলায় রাজনৈতিক বাক্য-ব্যয় না করে তিনি আইনি লড়াইকেই শ্রেয় মনে করছেন অভিষেক।
অভিষেক বলেন, 'দেশের বিচারবিভাগের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। সেইমতো আমি মিথ্যে অভিযোগ খণ্ডনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। আমার বিশ্বাস আদালত সব সত্যিকে সামনে এনে দেবে। আমার কথা কারও বিশ্বাস করার দরকার নেই। কিন্তু আদালত যে কথা বলবে, তা তো সকলের বিশ্বাস হবে। তাহলেই স্পষ্ট হয়ে যাবে সবই অপপ্রচার।'












Click it and Unblock the Notifications