Abhishek Banerjee: গোষ্ঠী কোন্দল থাকাটা স্বাভাবিক! উদাহারণ টানলেন সিপিএমেরও... বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee: দলকে কেউ দুর্বল করতে চাইলে ছাড় নয়। শৃঙ্খলার উর্দ্ধে কেউ নয়। সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে। তৃণমূলের একাংশকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে গোষ্ঠী কোন্দল নিয়েও দিলেন বার্তা। মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে উত্তাল বাংলা। এই ঘটনায় ইতিমধ্যে প্রভাবশালী এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় শাসকদলের গোষ্ঠী কোন্দলের বিষয়টি প্রকাশ্যে আসছে। যা নিয়ে চরম অস্বস্তিতে শাসকদল।
এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে ডায়মন্ডহারবারে 'সেবাশ্রয়' চলছে। আর তা ঘুরে দেখতে ফলতায় যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শৃঙ্খলা এবং গোষ্ঠী কোন্দল নিয়ে দলেরই একাংশকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee)।

তিনি বলেন, তৃণমূল এখন অনেক বড় পরিবার। সেখানে গোষ্ঠী কোন্দল থাকাটা স্বাভাবিক। একে অপরের সঙ্গে মতামত নাও মিলতে পারে। তবে দলকে যদি কেউ দুর্বল করবে বলে মনে করে তাহলে কখনই ছাড় নয়। দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। এক্ষেত্রে তৃণমূল নেতা-কর্মীদের আরও বিনয়ী হওয়ার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, তাঁর কথায়, তৃণমূলের একজন বুথস্তরের কর্মীকে যেমন দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে, তেমনই আমাকেও শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলাপরায়ণ হয়েই দল করতে হবে।
তবে কিছু মানুষ যে ধরাকে সরা জ্ঞান করছে তা কার্যত মেনে নিয়ে তৃণমূল সাংসদ জানান, আগামিদিনে এই সমস্ত মানুষের জন্য তৃণমূল দরজা বিন্ধ থাকবে। এই বিষয়ে সিপিএমের প্রসঙ্গও টানেন। আর তা বলতে গিয়ে দাবি, কিছু মানুষ এলাকা দখল করে দল চালাব বলে যদি মনে করে তাঁদের কপালে বিপদ আছে।
শুধু বামেরাই নয়, বিজেপিও একই ভুল সমস্ত জেলায় করছে বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের সঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেসের বেসিক পার্থক্য রয়েছে বলেও এদিন মন্তব্য করেন। একই সঙ্গে নির্বাচিত সদস্যদের দায়বিদ্ধতা কোথায় সেটাই এদিন তুলে ধরেন।
মালদহের ঘটনা প্রসঙ্গে এদিন অভিষেক আরও বলেন, তৃণমূল সরকারই অন্যায় দেখলে নিজের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সরকারই শম্ভুনাথ কাউ, আরাবুল ইসলামদের গ্রেফতার করেছে। যা সিপিএম কিংবা বিজেপি পারে না। তবে এই ধরনের ঘটনা কেন আটকানো যাচ্ছে না?
সেই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি জ্যোতিষ নয় সরকার। আগে থেকে ঘটনা জেনে যাবে আর তা আটকে দেবে! ফলে ঘটনার পর রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ বলেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য।












Click it and Unblock the Notifications