বিধানসভায় অভয়ার বাবা - মা, চোখের জল মোছালেন শুভেন্দু অধিকারী
রাজ্য বিধানসভায় আরজি কর কাণ্ডে নির্যাতিতা মৃতা তরুণীর মা বাবা। বিচারের দাবিতে তাঁরা বিভিন্ন মহলে গিয়েছেন। এবার বিধানসভায় বিরোধী দলনেতার কাছে পৌঁছলেন তারা। শুভেন্দু অধিকারীর সামনে বিচারের দাবিতে তাদের বক্তব্য রাখলেন৷ চোখের জল দু'গাল বেয়ে অঝোরে নেমে এল তাদের দুজনের।
মঙ্গলবার বেলায় বিধানসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে অভয়ার মা বাবা বিধানসভায় পৌঁছান। বেলা বারোটার পরে তাঁরা বিধানসভায় পৌঁছেছিলেন।

অভয়ার মা - বাবা বিরোধী দলনেতার ঘরে পৌঁছান। সেখানে অন্যান্য বিজেপি বিধায়করা উপস্থিত হন। তাদের মেয়ের সঙ্গে কী ঘটেছিল? কেন তাকে এভাবে নৃশংসভাবে মারা যেতে হল? আরও একবার সেই প্রশ্ন তুলেছেন মা-বাবা। বক্তব্যের মধ্যেই চোখের জল পড়তে থাকে দুজনের। সেই ঘরের পরিস্থিতি যথেষ্ট গুরুগম্ভীর। শুভেন্দু অধিকারী এক সময় নির্যাতিতার বাবার চোখের জল মুছিয়ে দেন।
নির্যাতিতার মা বলেন, " আমার পাশে সবাই দাঁড়াচ্ছে। আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়ে কি এমন অপরাধ করেছিল! যে এমন নির্মমভাবে তাকে মারা যেতে হল? আজও জানতে পারলাম না সেই রাতে মেয়ের সঙ্গে কী হয়েছিল।" আরজি কর হাসপাতালে পড়া ও কাজের সুযোগ পেয়েছে মেয়ে। তাতে যথেষ্ট গর্বিত হয়েছিলেন মা বাবা। কিন্তু সেখানেই এমন ভয়াবহ ঘটনা। মহিলারা কি আজও কাজের জায়গায় সুরক্ষিত? সেই প্রশ্ন তুলেছেন অভয়ার মা।
শুভেন্দু অধিকারী তাদের আশ্বাস দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর বিধানসভার ভিতরে ও বাইরে বিজেপির সকল বিধায়ক ধর্নায় বসবেন। এই ধর্না হবে রাজনৈতিক স্বার্থ ও উদ্দেশ্য ছাড়া। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানানো হবে।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনা সামনে আসে। তারপর থেকে রাজ্যজুড়ে একাধিক সময় ক্ষোভের আগুন জ্বলেছে। কিন্তু বিচার কোন পথে হচ্ছে? সেই নিয়ে সঠিক দিশা এখনও পাওয়া যায়নি বলে অভিযোগ। একশো দিন আগেই পেরিয়ে গিয়েছে ওই ঘটনার। কবে হবে সঠিক বিচার? সেই অপেক্ষায় বাবা - মা।












Click it and Unblock the Notifications