প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন বাংলাদেশি নাগরিক! ‘ধরে আনতে’ নির্দেশ হাইকোর্টের
বাংলায় প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন বাংলাদেশি নাগরিক! এমনই চাঞ্চল্যকর অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই শিক্ষককে আদালতে 'ধরে আনতে' নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে ফের চমক তৈরি হয়েছে প্রাথমিক মামলায়।
দক্ষিণ দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলে কর্মরত উৎপল মণ্ডল নামে ওই শিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। তিনি বাংলাদেশি নাগরিক হয়েও বাংলায় প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও।

কলকাতা হাইকোর্ট সেই মামলার প্রেক্ষিতেই জেলার পুলিশ সুপারকে আগামী ৪ জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির করার নির্দেশ দিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় ওই ব্যক্তির বেতন ও স্কুলে ঢোকার উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন।
কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চলছে। এরই মধ্যে ভিন্নধর্মী এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, সমস্ত নথি জাল করে উৎপল মণ্ডল প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন বাংলায়। মামলাকারী তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, উৎপল মণ্ডল আসলে বাংলাদেশি নাগরিক।

মামলাকারী দক্ষিণ ২৪ পরগনার গঙ্গারামপুরের বাসিন্দা বিমলচন্দ্র সরকার। এই বিমলচন্দ্র সরকারের আইনজীবী সৌমেন দত্তর অভিযোগ ছিল, উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তি ২০১২ সালে বেআইনিভাবে বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করেন। এরপর একরকম জোর করেই তাঁর বাবা-মাকে নিয়ে বিমলচন্দ্র সরকারের জমিতে বসবাস শুরু করেন।
তারপর ফরেনার্স আইনে মামলা দায়ের করেন বিমলচন্দ্র মণ্ডল। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত উৎপল মণ্ডলের বাবা অয়ন মণ্ডলও গ্রেফতার হন। এরপরই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। উৎপল মণ্ডল এর মধ্যে কোনোভাবে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বিমলবাবু তথ্য জানার অধিকার আইনে আবেদন করে জানতে পারেন, উৎপল যে সমস্ত নথি দাখিল করে চাকরি পেয়েছেন তা ভুয়ো। বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুরের স্কুল পরিদর্শকের দফতরে অভিযোগ জানান বিমল। কিন্তু সেই অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি।
আরো অভিযোগ, উৎপল মণ্ডলের নথি জাল করে চাকরি পাওয়ার সঙ্গে দুর্নীতি চক্রের যোগ থাকতে পারে। আদালতে সেই দাবি উত্থাপন করেছেন আইনজীবী সৌমেনবাবু। এই মামলার শুনানি হবে আগামী ৪ জুলাই। মামলার পরবর্তী শুনানির দিন অভিযুক্ত উৎপল মণ্ডলকে হাজির করার নির্দেশ দিয়েছেন। এই মামলায় সিবিআই তদন্তের রাস্তা খোলা রেখেছে আদালত।












Click it and Unblock the Notifications