ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ আট তৃণমূল নেতা, কী বললেন বিচারপতি?
ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা। এনআইএর সমন খারিজের আবেদন জানানো হয়েছে আদালতে। এনআইএ ভূপতিনগরে তদন্ত করতে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। জাতীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনাও ঘটেছে।
ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার এনআইএ-এর সমন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আট তৃণমূল নেতা। তাঁদের মধ্যে একজন রয়েছেন মানব পাড়ুয়া। তাঁর বিরুদ্ধেও বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে নোটিশ পাঠিয়ে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে রক্ষাকবচের আবেদন জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদন জানানো হয়। যে রক্ষাকবচের আবেদন করা হয়েছিল, সেটিকে আদালত মান্যতা দেয়নি বলে খবর৷ তাতে হস্তক্ষেপ করেনি আদালত।
এনআইএর কাছ থেকে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে তিন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। সম্প্রতি সেখানে তদন্তে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা।
অযাচিতভাবে সেখানে বাধার সামনে পড়তে হয় তদন্তকারীদের। মহিলারা বাঁশ, লাঠি দিয়ে পথ আটকে রাখে৷ তদন্তকারীদের গাড়ির কাঁচও ভাঙা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এই অবস্থায় এনআইএ অভিযোগ দায়ের করেছিল।
অপর দিকে এনআইএর বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়৷ শ্লীলতাহানির অভিযোগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে খোদ এনআইএ।












Click it and Unblock the Notifications