kamarhati Municipality: ভেঙে দেওয়া হবে ৫৭ টি বহুতল! কামারহাটি জুড়ে চলবে বুলডোজার
kamarhati Municipality: গত কয়েকমাসে কলকাতা এবং সংলগ্ন এলাকায় একের পর এক বাড়ি ভেঙে পড়া কখনও হেলে পড়ার ঘটনা ঘটেছে! যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে। এমনকি তৃণমূল পরিচালিত পুরসভাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন নাগরিক সমাজে। তালিকায় আছে কামারহাটি পুরসভাও। একাধিক ওয়ার্ডে অবৈধ নির্মান থেকে শুরু করে বহুতল হেলে যাওয়ার ঘটনা ঘটেছে।
এই অবস্থায় এবার 'বুলডোজার' চালানোর সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট এই পুরসভা। ভেঙে দেওয়া হবে ৫৭ টি বহুতল। যা ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে বলে জানা গিয়েছে। বারবার এই পুরসভার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। মানুষ ঠিক মতো পরিষেবা পায় না বলে দলের মধ্যেই প্রশ্ন উঠেছিল।

সেখানে এবার নজিরবিহীন সিদ্ধান্ত। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, ৫৭ টি বাড়ি ভেঙে ফেলা হবে। ইতিমধ্যে ১৭ টি বহুতলের মালিকের বিরুদ্ধে এফআইআরও হয়েছে।
পুরপ্রধান জানিয়েছেন একাধিকবার এই সমস্ত বাড়ির মালিকদের নোটিশ দিয়েছে পুরসভা। কিন্তু বারবার ডাকা সত্ত্বেও কেউ আসেনি বলে অভিযোগ। তাঁর দাবি, বাড়িগুলি প্রত্যেকটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। অনুমতি ছাড়াই বাড়ানো হয়েছে বহুতল। আর সেই কারণেই বিপদ এড়াতেই বাড়িগুলি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান গোপাল সাহা। তাঁর কথায়, বিপদজনক অবস্থায় যে বাড়িগুলি আছে সেগুলিই আপাতত ভাঙা হবে।
ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও খবর। অন্যদিকে যে ৫৭ টি বহুতলে বুলডোজার চালানো হবে সেই তালিকায় আছে জয়ন্ত সিং-এর বাড়ি। গত কয়েকমাসে এই ব্যক্তির একের পর এক কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। কখনও মানুষকে চেনে বেঁধে মারধর আবার কখনও তৃণমূল নেতাদের আশ্রয়ে থেকে সাধারণ মানুষকে হুমকি, ভয় দেখানোর অভিযোগও উঠেছে। আর এই কেলেঙ্কারির সময় জয়ন্ত সিংয়ের অবৈধ একটি বাড়ির খোঁজ সামনে আসে।












Click it and Unblock the Notifications