হকার দৌরাত্ম্যের প্রতিবাদ, আজ থেকে তিন দিনের ধর্মঘটে শামিল নিউ মার্কেটের ব্যবসায়ীরা
কলকাতা, ১১ মার্চ : ১৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার।
আজ থেকে তিন দিনের ধর্মঘটে শামিল নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বাজার এলাকায় রাস্তার ধারে বসে থাকা হকারদের দৌরাত্ম্যে ব্যবসা শিকেয় উঠেছে, এই অভিযোগে ধর্মঘটে অংশ নিয়েছেন তাঁরা। নয়টি বাজারের সব ব্যবসায়ীরাই এতে শামিল হয়েছেন।

শ্রীরাম আর্কেড, চৌরঙ্গী, ট্রেজার আইল্যান্ড, লিন্ডসে স্ট্রিট, হুমায়ুন প্লেস সহ একাধিক এলাকায় আজ থেকে ধর্মঘট শুরু হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, নিউ মার্কেট এলাকার রাস্তাঘাট হকাররা বেআইনিভাবে বহুদিন ধরে দখল করে রেখেছে। যার ফলে একদিকে যেমন তাঁদের ব্যবসা মার খাচ্ছে তেমনই অন্যদিকে শহর ও শহরতলির নানা প্রান্ত থেকে নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষজন সমস্যায় পড়ছেন। এই সমস্যা দীর্ঘদিনের, ফলে আখেড়ে সবারই ক্ষতি হচ্ছে।
তাঁদের আরও অভিযোগ, কলকাতা পুরসভাকে বহুবার মৌখিকভাবে ও চিঠি দিয়ে এই হকার সমস্যা সম্পর্কে জানিয়েও খুব একটা লাভ হয়নি। কোনও উদ্যোগই নেয়নি পুরসভা। ফলে দিনের পর দিন নানাভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। এই অবস্থায় কলকাতা পুরভোটের আগে আরও একবার রাজ্য সরকার ও পুরসভার দৃষ্টি আকর্ষণ করতেই নিউ মার্কেটের দোকানপাট সব বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ব্রিটিশ শাসনকালে ১৮৭৪ সালের পয়লা জানুয়ারি কলকাতায় প্রথম মার্কেট প্লেস হিসেবে নিউ মার্কেটের যাত্রা শুরু হয়। স্যার স্টুয়ার্ট হগ ছিলেন কলকাতা পুরসভার তৎকালীন চেয়ারম্যান। মূলত তাঁর উদ্যোগেই এত বড় একটি বাজার এলাকা গড়ে তোলা সম্ভব হয়। তাঁর এই উদ্যোগকে সম্মান জানাতে পরে ১৯০৩ সাল থেকে ওই এলাকা 'হগ মার্কেট' নামে পরিচিত হয়। আরও পরে লোকমুখে প্রচারিত হতে হতে ওই এলাকা 'নিউ মার্কেট' নামে খ্যাত হয়েছে।












Click it and Unblock the Notifications