বিমানের শৌচাগারে পড়ে ২৪ কেজি সোনা, চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে

বাজেয়াপ্ত সোনার আনুমানিক মূল্য ৭.৭ কোটি টাকা
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে। সোমবার রাতে সময় মতোই কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল ব্যাংকক ভায়া পাটনা কলকতার বেসরকারি বিমানটি।
যাত্রীরা নেমে যাওয়ার পরই নিয়ম মাফিক বিমানের এক সাফইকর্মী শৌচাগার পরিস্কার করতে যান। শৌচাগারে পড়ে থাকা ২টি কালো ব্যাগ দেখেই আত্মারাম খাঁচাছাড়া ওই বিমানকর্মী। নির্ঘাত ব্যাগে বোমা আছে। এই ভেবেই তড়িঘড়ি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটে যান তিনি।
খবর পেয়েই ছুটে আসেন সিআইএসএফ-এর জওয়ানরা। শুরু হয় তল্লাশি। অতি সন্তর্পণে খোলা হয় ব্যাগ দুটি। ব্যাগ দুটির ভিতরে থাকে থাকে সাজানো রয়েছে সোনার বিস্কুট। এক একটির ওজন ১ কেজি। এমন ২৪টি বিস্কুট রাখা ছিল ওই ব্যাগটিতে।
খবর দেওয়া হয় শুল্ক দফতরে। দফতরের কর্তারা ২৪ টি বিস্কুটই বাজেয়াপ্ত করেছে। কে বা কারা এই বিপুল পরিমাণ সোনা নিয়ে আসছিল সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। কোথা থেকেই বা এই সোনা আনা হচ্ছিল সে বিষয়েও কিছু জানা যায়নি। কিন্তু পাচার করার জন্যই যে এই সোনা আনা হচ্ছিল সে নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই। তবে,শুল্ক দফতরসূত্রে খবর, বিস্কুটগুলি সংযুক্ত আরব আরবশাহীতে তৈরি করা হয়েছে।












Click it and Unblock the Notifications