21 July TMC Shahid Diwas: শুনশান নাকতলা, নেই কর্মীদের ভিড়, পার্থকে কি ভুলেই গেল তৃণমূল?
প্রায় এক বছর হতে চলল। আবার সেই ২১ জুলাই। গত বছর নাগতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা ছিল অন্যরকম। অনুগামী আর দলীয় সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল গোটা এলাকা। আগের দিন রাত থেকে ব্যস্ততা তুঙ্গে থাকত। কিন্তু এবার যেন সবটাই বদলে গিয়েছে।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন জেলে। গতবছর ২১ জুলাইয়ের ঠিক পরের দিনই তৃণমূল কংগ্রেেসর মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। রাতারাতি গ্রেফতার করা হয় তাঁকে। তারপরেই সাংবাদিক বৈঠক করে তাঁকে দলের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস।

তারপর থেকে একটা বছর পার হয়ে গিয়েছে। এখনও জেলে রয়েছেন তিনি। এবারে মহাসচিবহীন ২১ জুলাই। মঞ্চে দেখা যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে। নাকতলার বাড়িতেও সেই ভিড় নেই। আগে পার্থ চট্টোপাধ্যায় সকাল ১০টা বাজলেই তৈরি হয়ে যেতেন। তারপরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে বেরিয়ে যেতেন সভাস্থলের পথে। সকাল থেকে তাঁর বাড়ির সামনে ভিড় করতেন অনুগামী আর কর্মী সমর্থকরা। এবার সেসব কিছুই নেই। একেবারে খাঁ খাঁ করছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি।
দল পার্থকে তেমন আর গুরুত্ব দিতে চাইছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলে থেকেও বারবার দলের পাশে থাকার বার্তাই দিয়েছেন। পঞ্চায়েত ভোটে দলের জয় হবেই বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু একুশের মঞ্চে তার অভাব কি মনে করবে নেতৃত্ব তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications