21 July Shahid Diwas: মুকুল চমক দিয়ে গেলেন শেষবেলায়, আবারও জল্পনার সূত্রপাত
মুকুল রায় মানেই চমক, মুকুল রায় মানেই জল্পনা। একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে শেষবেলায় হঠাৎ ধর্মতলার সভায় হাজির হয়ে চমকে দিলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। নজরও কেড়ে নিলেন মুহূর্তে। ছেলের হাত ধরে অসুস্থ শরীরেও তিনি হাজির হতেই তাঁর দিকে ঘুরে গেল ক্যামেরার ফোকাস।
এখনও তিনি খাতায় কলমে বিজেপির বিধায়ক। বিধানসভায় স্পিকারও সেই রায় দিয়েছেন। তারপর অসুস্থ শরীরে হঠাৎ দিল্লি পৌঁছে তিনি ঘোষণা করে দেন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। নিজের মুখেই বলেছিলেন বিজেপিতেই আছেন তিনি। এহেন মুকুল রায় একুশে জুলাইয়ের সভাস্থলে হাজির হলেন শুভ্রাংশুর সঙ্গে।

একুশে জুলাইময়ের মঞ্চে শেষ ও প্রধান বক্তা হিসেবে তখন বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই একটি সাদা গাড়ি থেকে তিনি নামলেন। সঙ্গে সঙ্গেই শুভ্রাংশু এগিয়ে আসেন বাবার দিকে। ছেলের হাত জাপ্টে ধরেন মুকুল। হাঁটা-চলার মধ্যে শারীরিক দুর্বলতার ছাপ প্রকট। ছেলেকে ধরেই এগিয়ে যান মঞ্চের দিকে।
একুশের বিধানসভা নির্বাচনের পরে তিনিই প্রথম বিজেপি বিধায়ক হিসেবে যোগ দিয়েছিলেন তৃণমূলে। আর তারপরই তিনি আত্মপ্রকাশ করেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে। একদিন একা হাতে তিনি সামলেছেন একুশে জুলাইয়ের মঞ্চ। আর আজ সেই মঞ্চের দিকে তিনি অসুস্থ শরীরে হেঁটে যাচ্ছেন।
গতবারও তিনি মঞ্চে ওঠেননি, এবারও উঠলেন না। পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করলেন। কেউ কেউ জানতে চাইলেন-- কেমন আছে শরীর। জবাবও দিলেন মুকুল। বললেন, শরীর আগের থেকে একটু ভালো। তবে এখন আর বাড়ি থেকে খুব বেশি বের হই না। মুকুল আবার উল্টে অনেককে বললেন, একদিন এসো না বাড়িতে। কথা হবে।

মুকুল রায় ফিরে যাওয়ার সময় প্রশ্ন করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, জবাবে মুকুল বলেন, দেখা হয়েছে, তবে কথা হয়নি। আর শুভ্রাংশু বলেন, বাবা অসুস্থ, তবু একুশে জুলাইয়ের সমাবেশে আসতে চেয়েছিলেন। তাই নিয়ে এসেছিলাম।
তৃণমূলের একটা সূত্রের দাবি, মুকুল রায়কে আনার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে একপ্রস্থ কথা বলেছিলেন শুভ্রাংশু। ফলে মুকুল যে আসবেন, তা অনেকে জানতেন। রাজনৈতিক মহলে জল্পনা, এটাও একটা চাল। মুকুল রায় বিজেপিতে যেতে চেয়ে দিল্লি গিয়েছিলেন অসুস্থ শরীরে। তা নিয়ে বিস্তর জলগোলা হয়। এদিন তাঁর উপস্থিতি সব জল্পনায় জল ঢেলে দিল।
তৃণমূল বুঝিয়ে দিল, খাতায়-কলমে বিজেপি বিধায়ক হলেও একদা সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় তৃণমূলেই আছেন। সাড়ে তিন বছর বিজেপিতে কাটিয়ে তিনি তৃমমূলে পেরেন ২০২১-এর জুনে। তারপর তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। তা নিয়ে আদালতের লড়াইয়ের পর তিনি হঠাৎ ছেড়ে দেন পদ। এরপর স্ত্রীর প্রয়াণের শোকে মুহ্যমান মুকুল রায় নিজেও অসুস্থ হয়ে পড়েন।












Click it and Unblock the Notifications