১০ তলা বাড়ি সমান উঁচু গঙ্গা মাথার উপরে, নীচে চলবে কলকাতার ইস্ট - ওয়েস্ট মেট্রো
কলকাতার মুকুটে নয়া পালক। উপরে গঙ্গার অসীম জলরাশি। আর নীচ দিয়ে চলবে মেট্রো রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এই যাত্রাপথের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আর গোটা দেশের কাছে নজির তৈরি হল এই রেলপথের।
কলকাতা ইতিহাসের শুরুর দিন থেকেই আলোকিত। ব্রিটিশদের সময় কলকাতায় শুরু হয়েছিল ট্রাম চলাচল। সেই সময় ঘোড়ায় টানা ট্রাম কলকাতার রাজপথে দেখা যেত। এরপর সময়ের চাকা গড়িয়েছে। আরও আধুনিক হয়েছে যন্ত্রসভ্যতা। সেই সভ্যতায় ভর করে কলকাতায় দেখা গিয়েছে যাত্রীবাহী ট্রাম।

এরপর কলকাতাতে চালু হয়েছিল মেট্রো পরিষেবা। দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা এই কলকাতাতে চালু হয়। পাতাল রেল তখন এক অন্যতম আকর্ষণ ছিল সাধারণ মানুষের মধ্যে। কালের নিয়মে দেশের বিভিন্ন মেগাসিটিতে মেট্রোরেল সম্প্রসারিত হয়েছে। মেট্রো এখন আর পাতাল নয়। মাটির উপর দিয়েও চলাচল করে।
এবার নতুন পরিষেবা চালু হল কলকাতায়। গঙ্গার নীচ দিয়ে যাত্রীবাহী মেট্রো ছুটে চলবে। তবে সেজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এমনই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। গোটা দেশের মধ্যে প্রথম কলকাতাতেই চালু হল এই মেট্রো পরিষেবা। অসীম জলরাশির নীচ দিয়ে এবার ছুটবে মেট্রো। উপরে মা গঙ্গা। আর নীচ দিয়ে অফিস যাত্রী, সাধারণ মানুষরা।
গঙ্গার নীচে এই টানেল ৫২০ মিটার (১,৭১০ ফু) দীর্ঘ। গঙ্গার গভীরতা ১৩ মিটার মতো। তারও ৩০ মিটার নীচে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই সুড়ঙ্গ পথ। গঙ্গার নীচে থাকা সুড়ঙ্গের বাইরের পরিধি ৬.১০ মিটার। ভিতরের পরিধি ৫.৫৫ মিটার।
কিন্তু কতটা গভীর অংশ দিয়ে মেট্রো চলাচল করবে? সাধারণভাবে বলতে হয় গঙ্গার এই অংশের গভীরতা প্রায় ১০ তলা বাড়ির সমান। তারও অনেকটা গভীরে মাটির নীচের সুড়ঙ্গ কাটা হয়েছে। তার মধ্যে দিয়েই পাতা হয়েছে মেট্রো লাইন।
সব থেকে গুরুত্বপূর্ণ কথা হাওড়া কলকাতাকে কয়েক সেকেন্ডের মধ্যে কাছে এনে ফেলল। দীর্ঘ যান পরিবহন ব্যবস্থার এবার তাহলে ইতি হতে চলেছে। গঙ্গার নীচ দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবেন। কারণ, টানেলের এই অংশের রং গভীর নীল।
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া দরকার। মেট্রো গঙ্গার নীচে থাকলেও মোবাইল ফোন পরিষেবা অটুট থাকবে। কোনওরকম নেটওয়ার্ক সমস্যা হবে না। এমন কথা প্রাথমিক ভাবে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। নিরবিচ্ছিন্ন মোবাইল পরিষেবা দেওয়ার জন্য এই পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications