আলিপুর জেল থেকে পালানো ১ কয়েদি পুলিশের জালে, তল্লাশি বাকি দুয়ের

বৃহস্পতিবার গভীর রাতে আলিপুর জেলের পাঁচিল টপকে যে তিনজন পালিয়েছিল তারা হল কুতুবউদ্দিন লস্কর, সেলিম হাওলাদার ও আজিম মিস্ত্রি। এদের মধ্যে আজম মিস্ত্রিকে ইতিমধ্যে ফের গ্রেফতার কেছে পুলিশ। পুলিশসূত্রের তরফে জানানো হয়েছে, জেল থেকে পালানোর পর বারুইপুরের খোদারবাজারে বাড়িতে যাচ্ছিলেন আজিম। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। সুযোগ বুঝে তাকে গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ৷ আজিম মিস্ত্রি ডাকাতির পরিকল্পনায় শামিল থাকায় গ্রেফতার হয়েছিল।
আজ, শনিবারই দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ আজিমকে কলকাতা পুলিশের হাতে তুলে দেবে। এরপর আজই তাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
জেল থেকে ফেরার বাকি দুই বন্দি কুতুবউদ্দিন লস্কর, সেলিম হাওলাদারের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। পুলিশের সন্দেহ, জেল থেকে পালানোর পর তারা বাংলাদেশে পালানোর চেষ্টা করতে পারে৷ এদের দুজনেরই বাড়ি বাসন্তী থানা এলাকায়। এরা ডাকাতি ও খুনের মামলায় জড়িত ছিল। অপরাধ সাব্যস্ত হওয়ায় পর নির্দিষ্ট কারাবাসের সাজা হয়েছিল এদের।












Click it and Unblock the Notifications