IPL 2022: আইপিএলে নেই মার্ক উড, ইংল্যান্ডের পেসার ধাক্কা দিলেন লখনউ সুপার জায়ান্টসকে
আইপিএলের আগেই ধাক্কা খেল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। চোটের কারণে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট চলাকালীন কনুইয়ে চোট পান তিনি। মনে করা হচ্ছে, আপাতত কয়েক মাসের জন্য মাঠের বাইরেই থাকতে হবে উডকে।

ছিটকে গেলেন উড
মার্ক উড যে আইপিএলে খেলতে পারবেন না তা জানিয়ে দেওয়া হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। তবে এখনও উডের বিকল্পের নাম ঘোষণা করেনি আইপিএলের নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলামে উডকে সাড়ে ৭ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।

কনুইয়ের চোট
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ১৭ ওভার বল করেই কনুইয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মার্ক উড। পরের দিন অর্থাৎ টেস্টের তৃতীয় দিন পাঁচ ওভার বল করার পর আর কনুইয়ের যন্ত্রণার কারণে বোলিং চালিয়ে যেতে পারেননি। পঞ্চম দিন ফের বোলিংয়ের জন্য তিনি ফিটনেস টেস্ট দেন। এক ওভার বল করার পরই যন্ত্রণা অনুভব করেন। উডের চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখে আজ জানাতে পারে ইসিবি।
|
সমস্যায় লখনউ
উড ছিটকে যাওয়ায় বিদেশি পেসার নিয়ে নিশ্চিতভাবেই সমস্যায় পড়ল লখনউ সুপার জায়ান্টস। অন্যদের মধ্যে দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস ও শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা। ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ২৮ মার্চ, ওইদিনই লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার স্টইনিসও পাকিস্তান সফর সেরে ভারতে এসে পৌঁছাবেন ৬ এপ্রিল। ফলে তাঁদের প্রথম দিকে পাচ্ছে না লোকেশ রাহুলের দল। গোড়ালির চোটের কারণে চামিরা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেললেও আইপিএল খেলার জন্য তিনি ম্যাচ ফিট হয়ে গিয়েছেন। কুইন্টন ডি কক ও এভিন লুইস লখনউয়ের হয়ে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন। তবে কাইল মেয়ার্স ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন। তিনি পরের টেস্টেও ক্যারিবিয়ান দলে থাকলে লখনউয়ের হয়ে প্রথম ম্যাচে তাঁর নামার প্রশ্নই নেই।
|
মেন ইন ব্লু
এদিকে, এখনও লখনউ সুপার জায়ান্টসের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়নি। বাদশা টিমের থিং সং গাইছেন, এমন ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল হাল্কা নীল রঙের জার্সিই হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের। আজ সম্প্রচারকারী সংস্থার একটি ভিডিও লখনউ সুপার জায়ান্টস টুইট করেছে যেখানে দেখা যাচ্ছে নীল জার্সিতে সমর্থকদের উদ্দেশে বার্তা দিচ্ছেন লোকেশ রাহুল।












Click it and Unblock the Notifications