বেড়েই চলেছে সংক্রমণ, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭৫ লক্ষের গণ্ডি!
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ ৫৩ হাজার ১৮২। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬৭২ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৫ জনের।

বাড়ছে মৃতের সংখ্যাও
বিশ্বে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গতকাল একটি রিপোর্ট প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬৭২ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৫ জনের। এর জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২৩ হাজার ৩৪৯-এ।

আমেরিকায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবথেকে বেশি
আমেরিকায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবথেকে বেশি। শুধু আমেরিকাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ লক্ষ। মৃতের সংখ্যা ১ লক্ষ ৯৬ হাজার ৪৪০। আক্রান্তের নিরিখে দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া। চার নম্বরে রয়েছে ভারত।

ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার
এদিকে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। যার পরই মৃত্যুর নিরিখে বিশ্বে ৯ নম্বরে উঠে এল ভারত। দেশে ৩ লক্ষ ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যাও। রোজই প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছে।

লকডাউন শিথিল হওয়ার পর দেশে বেড়েছে সংক্রমণ
দেশে লকডাউন শিথিল হওয়ায় একাধিক পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। দেশে ১০ দিনে এক লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাত, দিল্লিতে দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রমণ। গড়ে প্রতিদিনই প্রায় ১০ হাজার করে নতুন আক্রান্তের খোঁজ মিলছে।

চিনেও নতুন করে করোনায় আক্রান্ত ৫৭ জন
এদিকে চিনেও নতুন করে করোনায় আক্রান্ত ৫৭ জন। এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। হঠাৎ সংক্রমিতের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় রীতিমতো চিন্তায় সেদেশের প্রশাসন। এদিকে করোনা সংক্রমণের জেরে বন্ধ হল চিনের রাজধানী বেজিং-এর সবচেয়ে বড় পাইকারী বাজার।

করোনা নিয়ে হু-এর সতর্কবার্তা
এর আগে গত সপ্তাহে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস। সেখানে তিনি বলেন, বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন প্রায় এক লাখেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছে। সংক্রমণের প্রায় ৭৫ শতাংশই হচ্ছে ১০টি দেশ থেকে।












Click it and Unblock the Notifications