কর্মীর 'সামান্য ভুল', থমকে গেল বিশ্বের সবথেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কাজ
Nuclear Plantঃ ১২ বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল জাপানে বিশ্বের সবথেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। ফুকুশিমায় এক দুর্ঘটনা ঘটার পর থেকে বন্ধ রাখা হয়েছিল সেই প্লান্ট। অনেক পরীক্ষা নিরিক্ষা, সাবধানতা অবলম্বনের পর অবশেষে সেই প্লান্ট খোলার কথা। সব প্রস্তুতি প্রায় শেষ।
কিন্তু প্লান্ট আর খোলার পরিকল্পনায় জল ঢেলে দিলেন এক কর্মী। তাঁর ভুলের জন্যই সব ভেস্তে গেল। নিরাপত্তার অভাবে আপাতত খোলা হচ্ছে না প্লান্টটি। জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া নিউক্লিয়ার পাওয়ার প্লান্টটি চালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি।

তারা জানিয়েছে, তাদের এক কর্মী ভুল করে গাড়ির মাথায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ নথি রাখা অবস্থায় গাড়ি চালিয়েছেন। স্বাভাবিকভাবেই গাড়ির মাথা থেকে হারিয়ে গিয়েছে ওই সব কাগজপত্র। সেগুলো কোথায় কেউ জানে না! তার জেরেই নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ওই কর্মী ওয়ার্ক ফ্রম হোমে থাকাকালীনই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, আগুন অথবা বন্যার সময় প্লান্টের কাজ কীভাবে হবে, সেই সব বিষয়ই নাকি ছিল ওই নথিতে। কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে স্থানীয় লোকজনের কাছ থেকে। এখনও ৩৮ পাতা কাগজের কোনও খোঁজ নেই। সংশ্লিষ্ট কর্মী ও তাঁর ম্যানেজারকে সতর্ক করা হয়েছে সংস্থার তরফ থেকে। আগামিদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক করা হবে বাকি কর্মীদের। কড়া পদক্ষেপ করার কথা বলা হবে বলেও জানা গিয়েছে।

২০১১ সালের মার্চ মাসে জাপানের ফুকুশিমা পাওয়ার প্লান্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ভূমিকম্প ও সুনামির জেরেই ওই ঘটনা ঘটেছিল। ১৩ থেকে ১৪ মিটার উচ্চতা পর্যন্ত উঠেছিল ঢেউ। সেই ঢেউয়ের আঘাতেই পাওয়ার প্লান্ট নষ্ট হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে যায় গোটা প্লান্ট। তারপর আপনা থেকেই চালু হয়ে যায় প্লান্টের ডিজেল জেনারেটর।
ঘটনার জেরে পরের দিন প্লান্ট থেকে তেজষ্ক্রিয় বিকিরণ হতে শুরু করে। ফলে সরকারের তরফে এলাকার সব মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয়। এটি বিশ্বের অন্যতম বড় নিউক্লিয়ার দুর্ঘটনা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও ভয়াবহ এই ঘটনার পর থেকেই বন্ধ রাখা হয়েছিল প্লান্ট। কবে খোলা হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
যদিও আবার সেটি খোলার পরিকল্পনা করা হয়েছে। আর তার আগেই এই বিভ্রাট। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications