মুখে নেই হাসি, করলেন না করমর্দন, SCO সম্মেলনে জিনপিংয়ের সঙ্গে দুরত্ব বজায় রাখলেন মোদী
মুখে নেই হাসি, করলেন না করমর্দন, SCO সম্মেলনে জিনপিংয়ের সঙ্গে দুরত্ব বজায় রাখলেন মোদী
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন অংশগ্রহণ করেন। সেখানে বৃহস্পতিবার রাতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অংশ নিয়েছেন। সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুরত্ব বজায় রাখতে দেখতে পাওয়া যায়। তাঁরা পরস্পরের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসিও দেননি। এমনকী দুই দেশের রাষ্ট্রপ্রধানকে করমর্দন করতে দেখা যায়নি। গালওয়ান উপত্যকা নিয়ে ভারত ও চিনের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছিল, তা যে এখনও অব্যাহত তা দুই দেশের রাষ্ট্রপ্রধানের ব্যবহারে স্পষ্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সন্ধ্যায় নৈশভোজকালীন বৈঠকে অংশগ্রহণ করেননি। শুক্রবার সম্মেলনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতি করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশা করেন, ভারতের অর্থনীতি চলতি অর্থবর্ষে ৭.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি ভারতের মাটিকে কীভাবে স্টার্ট-আপের জন্য ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে মন্তব্য করেন তিনি। শুক্রবার এসসিও সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন, দেশে ৭০,০০০ বেশি স্টার্ট-আপ ও ১০০টির বেশি ইউনিকর্ন রয়েছে। আগামী ভবিষ্যতে ভারত অন্যতম ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি মনে করেন, করোনা মহামারীর জেরে বিশ্বের একাধিক দেশ অর্থনীতির দিক থেকে সমস্যায় পড়েছেন। সেই দিক থেকে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম।
গত দুই বছর করোনা মহামারীর জেরে এসসিও সম্মেলন ভার্চুয়ালি হয়। করোনা মহামারী নিয়ন্ত্রণে আসার পরেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগে শি জিনপিংয়ের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর পৃথকভাবে বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছিল। বিশেষ করে পূর্ব লাদাখে ইন্দো চিন সীমান্তে ভারতের সঙ্গে চিনের উত্তেজনা বর্তমানে বেশ খানিকটা নিয়ন্ত্রণে। ১৬ দফার বৈঠকের পরে ভারত ও চিন গোগরা ও গোগরা হটস্প্রিং এলাকা থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হওয়ার পর বিশেষজ্ঞরা মনে করেছিলেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে। যদিও সেই সম্ভাবনা বর্তমানে নেই বললেই চলে।
বৃহস্পতিবার রাতে সম্মেলনের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং পৃথকভাবে বৈঠক করেন। ইউক্রেনে সামরিক অভিযানের পর পুতিন প্রথমবারের জন্য জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পুতিন পশ্চিমি দেশগুলোর বিরুদ্ধে তোপ দাগেন। পাশাপাশি তাইওয়ানকে কেন্দ্র করে পশ্চিমি দেশগুলো ক্রমাগত উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন। ইউক্রেনের সামরিক অভিযানের পর পশ্চিমি দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে রাশিয়া এখন অনেকাংশে চিনের ওপর নির্ভর করছে।












Click it and Unblock the Notifications