বিশ্বের সব থেকে ট্র্যাক করা বিমান হয়ে উঠেছে SPAR 19, কে ছিলেন এই বিমানে
বিশ্বের সব থেকে ট্র্যাক করা বিমান হয়ে উঠেছে SPAR 19, কে ছিলেন এই বিমানে
SPAR 19 বিমাননটি কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় বিকেল ৩টে ৪২ মিনিটে। এই বিমানটি বর্তমানে বিশ্বে ফ্লাইটব়্যাডার২৪-এর সব থেকে বেশি ট্র্যাক করা বিমান ছিল। জানা যায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তাইওয়ানের বিমান বন্দরে পৌঁছনো অবধি ৭০৮,০০০ জন ট্র্যাক করেছেন। ফ্লাইটব়্যাডার২৪ -এর ইতিহাসে আগে কখনও কোনও বিমানকে একসঙ্গে এতজন ট্র্যাক করেননি।

কেন SPAR 19 বিমানটি ট্র্যাক করা হয়
একটি মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি এই বিমানে তাইওয়ান সফরে যাচ্ছেন। এরপর আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওয়ের মাধ্যমে দাবি করে, ন্যান্সি পেলোসি SPAR 19 বিমানে রয়েছেন। কুয়ালালামপুর থেকে বিমানটি ছাড়ার সময় থেকেই ট্র্যাকিংয়ের সংখ্যা বাড়তে থাকে। ইন্দোনেশিয়ার আকাশ দিয়ে যখন বিমানটি যাচ্ছিল, প্রায় দুই লক্ষ মানুষ বিমানটিকে ট্র্যাক করছিলেন। বিমানটি যত তাইওয়ানের কাছে এগিয়ে যায়, ট্র্যাকিংয়ের সংখ্যাও তত বেড়ে যেতে থাকে। তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণের সময় ট্র্যাকিংয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০৮,০০০।

ব্যাহত হয় ফাইটারব়্যাডার পরিষেবা
এত বিপুল সংখ্যক মানুষ ফ্লাইটব়্যাডার২৪-এর মাধ্যমে SPAR 19 বিমানটিকে ট্র্যাক করছিল যে, পরিষেবা ব্যাহত হয়ে যায়। সংস্থার তরফে জানানো হয়েছে, SPAR 19 বিমানটিকে ট্র্যাক করতে সাবস্ক্রাইবার নন, এমন অনেকে ফ্লাইটব়্যাডার২৪ -এর সাহায্যে ট্র্যাক করছিলেন। পরিষেবা ব্যহত হওয়ার কারণে, ফ্লাইটব়্যাডার২৪ পরিষেবা সীমিত করে দেয়। সাবস্ক্রাইবার নন, এমন গ্রাহকদের জন্য পরিষেবা সীমিত করে দেওয়া হয়।

SPAR 19 বিমানের বিশেষত্ব
SPAR 19 হল মার্কিন এয়ার ফোর্সের সি-৪০ মডেলের বিমান। দেশের শীর্ষস্থানীয় কূটনীতিক যেমন মন্ত্রিসভা বা মার্কিন কংগ্রেসের সদস্যদের যাত্রার জন্য SPAR 19 বিমানটি ব্যবহার করা হয়। জানা গিয়েছে সি-৪০ ক্লিপার বিমান হল বোয়িং ৭৩৭-৩০০ বাণিজ্যিক বিমানের সামরিক সংস্করণ। আকাশে অফিস শিরোনামকে মাথায় রেখে এই বিমানটি তৈরি করা হয়েছে। ২০০৩ সালে এই ধরনের বিমানের মডেল প্রথম বাস্তবায়িত করা হয়। এই বিমানে বিশ্রামের জায়গা, ঘুমের শয্যা ছাড়াও দুটো ওয়ার্ক টেবিল রয়েছে।

পেলোসিকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহের কারণ
পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চিন ও আমেরিকার মধ্যে চাপান উতোর চলছে। শুধু তাই নয়, চিনের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র হুমকি দিয়েছিল, তাইওয়ানের আকাশ সীমা থেকে পেলোসির বিমান গুলি করে নামানো হবে। যদিও সেই টুইটটি মুছে দিয়েছিলেন। তবে আমেরিকাকে চিন সাবধান করে বলেছিল, পরিনাম ভালো হবে না। সমস্ত হুমকি উপেক্ষা করে পেলোসি তাইওয়ান সফরে গিয়েছিলেন। এই উত্তেজনার মধ্যে সাধারণ মানুষের নজর ছিল পেলোসির বিমানের ওপর।












Click it and Unblock the Notifications